বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে পরাজিত হওয়ার পর রেফারিংয়ের বিষয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হানি আবু রিদা রেফারির নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
আটলান্টায় অনুষ্ঠিত ওই ম্যাচের পর মিসরের কোচ হোসাম হাসান রেফারিং নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলেন। সংবাদ সম্মেলনে হাসান অভিযোগ করেন, ম্যাচের ফল “আগেই ঠিক করা ছিল” এবং ফরাসি রেফারির ওপর আর্জেন্টিনার পক্ষ থেকে আগেই চাপ সৃষ্টি করা হয়েছিল।
মিসর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হানি আবু রিদা দাবি করেছেন, রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে এবং তাঁর সহকারীদের যেন টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে দায়িত্ব না দেওয়া হয়। তাঁর দাবি, তাঁদের ভুল সিদ্ধান্তই ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকা রেখেছে।
মূলত দুটি সিদ্ধান্ত নিয়ে আপত্তি তুলেছে মিসর। প্রথমত, ভিএআর পর্যালোচনার পর আগের একটি ফাউলের কারণে মিসরের গোল বাতিল করা। দ্বিতীয়ত, আর্জেন্টিনার তৃতীয় গোলের আগে ফাউলের অভিযোগ থাকা সত্ত্বেও তা ভিএআরে পর্যালোচনা করা হয়নি।
মিসরের এই আবেদনের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানায়নি ফিফা।






