দেশের জনপ্রিয় রক ব্যান্ড ওয়ারফেজ তাদের অষ্টম স্টুডিও অ্যালবামের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। তবে অ্যালবামটির নাম কী হতে যাচ্ছে, তা এখনই প্রকাশ করেনি ব্যান্ডটি। জানা গেছে, অ্যালবামের অন্তর্ভুক্ত সবকটি গান একে একে মুক্তি পাওয়ার পরই এর নাম ঘোষণা করা হবে। নতুন এই অ্যালবামে মোট ১২টি গান থাকছে। এই যাত্রার প্রথম গান হিসেবে গত মঙ্গলবার ‘গিরগিটি’ প্রকাশ করা হয়েছে।

আগামী ৬ জুলাই লয় রেকর্ডসের ইউটিউব চ্যানেলে ‘গিরগিটি’ গানটির ভিডিও চিত্র অবমুক্ত করা হবে। ব্যান্ডটির পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের মধ্যে আরও এক থেকে দুটি গান প্রকাশ করা হতে পারে। বাকি গানগুলো আগামী বছর থেকে পর্যায়ক্রমে মুক্তি পাবে।

অ্যালবাম প্রকাশের সময়সীমা নিয়ে ওয়ারফেজের দলনেতা ও ড্রামার শেখ মনিরুল আলম টিপু মুক্তকণ্ঠকে বলেন, ‘দেশে ও বিদেশে আমাদের বেশ কয়েকটি ট্যুর রয়েছে। তাই চলতি বছরের মধ্যে পুরো অ্যালবাম প্রকাশ করা সম্ভব হবে না। আশা করছি, ২০২৭ সালের মধ্যেই অ্যালবামের সব গান প্রকাশ হয়ে যাবে।’

বর্তমানে আন্তর্জাতিক সফরের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছে ওয়ারফেজ। আগামী ৯ জুলাই যুক্তরাজ্যের উদ্দেশে দেশ ছাড়বে তারা। সেখানে ১১ জুলাই ও ১৯ জুলাই দুটি কনসার্টে অংশ নেবে ব্যান্ডটি। সফর শেষে ২৩ জুলাই বাংলাদেশে ফেরার কথা রয়েছে তাদের। সবকিছু ঠিক থাকলে এর পরের মাসেই যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার পরিকল্পনা রয়েছে ব্যান্ডটির সদস্যদের।