বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সাথে হাড্ডাহাড্ডি লড়াই করেও শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে মিসরকে। আটলান্টার শেষ ষোলোর নাটকীয় ম্যাচে ৩-২ গোলে পরাজিত হয় তারা। এই পরাজয়ের পর ম্যাচ শেষে রেফারি এবং ফিফার বিরুদ্ধে পক্ষপাতের গুরুতর অভিযোগ তুলেছেন মিসর দলের খেলোয়াড় মোস্তাফা জিকো।
ম্যাচের ৬২ মিনিটে জিকোর একটি গোল বাতিল হওয়ার পর থেকেই বিতর্কের সূত্রপাত। আক্রমণ গড়ে তোলার সময় আর্জেন্টিনার লিসান্দ্রো মার্টিনেজের ওপর ফাউলের ঘটনা ধরা পড়ায় ভিএআরের পরামর্শে গোলটি বাতিল করেন রেফারি। তবে মিসর দলের দাবি, ওই সিদ্ধান্তটি সঠিক ছিল না।
এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে এনজো ফার্নান্দেজ জয়সূচক গোলটি করেন। তবে সেই আক্রমণ শুরুর সময়েও ফাউলের দাবি তুলেছিলেন মিসরের খেলোয়াড়েরা। কিন্তু এবার রেফারি কিংবা ভিএআর—কেউই হস্তক্ষেপ করেননি। মিসর সমর্থকসহ অনেকের অভিযোগ, একই ধরনের দুটি ঘটনায় রেফারির ভিন্ন সিদ্ধান্তই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে।
ম্যাচ শেষে আবেগাপ্লুত মোস্তাফা জিকো দাবি করেন, রেফারির ভুল সিদ্ধান্তের কারণেই মিসর ম্যাচটি হেরেছে। তিনি বলেন, ‘রেফারির পারফরম্যান্স ভালো ছিল না। তিনি পরিষ্কার জুলুম করেছেন। ম্যাচের শুরু থেকেই তিনি আমাদের বিপক্ষে সিদ্ধান্ত দিয়ে গেছেন। তিনি চাননি আমরা জিতি।’
মিসরের এই মিডফিল্ডার আরও অভিযোগ করেন, রেফারি আর্জেন্টিনার পক্ষ নিয়েছেন এবং ম্যাচটি আগে থেকেই নির্ধারিত ছিল। জিকো বলেন, ‘ম্যাচটি আগেই ঠিক করে রাখা ছিল। এটা আমাদের দোষ নয়। ওই রেফারি...সবকিছু দেখে মনে হয়েছে ম্যাচের ফল আগেই নির্ধারণ করা ছিল। আমরা ২-০ গোলে এগিয়ে ছিলাম। এর পর থেকেই তিনি একের পর এক আমাদের বিপক্ষে সিদ্ধান্ত দিতে থাকেন। আর্জেন্টিনাকে আরেকটি বিশ্বকাপ জয়ের আগাম অভিনন্দন জানিয়ে রাখছি—দেখেটেখে এমনটাই মনে হচ্ছে।’






