বন্যা পরিস্থিতির অবনতির কারণে চট্টগ্রাম, রাঙামাটি এবং কক্সবাজার জেলায় বুধবারের (৮ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার রাতে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের স্বাক্ষরিত এক আদেশে কক্সবাজার জেলায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়। এর আগে ওই রাতেই আরেকটি আদেশের মাধ্যমে চট্টগ্রাম ও রাঙামাটি জেলার বুধবারের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। প্রথম আদেশে উল্লেখ করা হয়েছিল যে, অন্যান্য শিক্ষা বোর্ড এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে এবং স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে। তবে পরবর্তীতে কক্সবাজার জেলার পরীক্ষাও স্থগিত করে নতুন আদেশ জারি করা হয়।
বিষয়টি নিয়ে অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান মুক্তকণ্ঠকে বলেন, "স্থগিত হওয়া এলাকার পরীক্ষা পরে আলাদা প্রশ্নপত্রে নেওয়া হবে।"
উল্লেখ্য, এবার সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে চট্টগ্রামে টানা ভারী বৃষ্টিপাতের ফলে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নগরীতে ৩৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা গত ৪৩ বছরের জুলাই মাসের এক দিনের সর্বোচ্চ বৃষ্টিপাত। এছাড়া রাঙামাটি ও কক্সবাজারেও টানা ভারী বৃষ্টিতে অনেক এলাকা তলিয়ে গেছে।






