ময়মনসিংহের ফুলপুরে ২৯ হাজার টাকার জাল নোটসহ দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত নয়টার দিকে ফুলপুর থানার বওলা এলাকা থেকে তাঁদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ময়মনসিংহ নগরের বড় বাজার এলাকার বাসিন্দা অন্তু সাহা (২২) এবং ধোবাউড়া উপজেলার আওলাতলী গ্রামের বাসিন্দা আবির হাসান (২৩)।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বওলা এমদাদিয়া শাহারিয়া হাফিজিয়া মাদ্রাসার দক্ষিণে আব্দুর রহমানের মুদিদোকানে গিয়ে বিস্কুট ও সিগারেট কেনেন ওই দুই তরুণ। ৭০ টাকা খরচের পর তাঁরা দোকানিকে এক হাজার টাকার একটি জাল নোট প্রদান করেন। নোটটি দেখে সন্দেহ হলে দোকানি আরও কয়েকজনকে দেখান। স্থানীয়দের জিজ্ঞাসাবাদের পর বিষয়টি থানায় জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁদের আটক করে। তল্লাশির সময় তাঁদের কাছ থেকে ২৯ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। এছাড়া জাল টাকা বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, দুটি মুঠোফোন এবং ১ হাজার ৪০০ টাকা জব্দ করেছে পুলিশ।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, "দুই তরুণ দীর্ঘদিন ধরে কৌশলে বিভিন্ন গ্রামের মুদিদোকানদারদের লক্ষ্য বানিয়ে ধোঁকা দিয়ে আসছিলেন। তাঁরা দোকানে গিয়ে সামান্য মূল্যের জিনিসপত্র কিনে ৫০০ বা ১ হাজার টাকার জাল নোট দিতেন। পরে আসল টাকা ফেরত নিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতেন।"
তিনি আরও জানান, মঙ্গলবার সকালে ফুলপুর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়। এরপর বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। জাল নোট চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।






