অতি ভারী বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি তিনটি ফ্লাইট। এর মধ্যে দুটি আন্তর্জাতিক এবং একটি অভ্যন্তরীণ ফ্লাইট। একইসঙ্গে প্রায় সব ফ্লাইটই নির্ধারিত সময়ের চেয়ে ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা বিলম্বে চলাচল করছে।
আজ মঙ্গলবার বেলা ২টায় বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল মুক্তকণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আবুধাবি থেকে চট্টগ্রামগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৫০ এবং শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার জি-৯৫২৬ ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণ করতে না পেরে ঢাকায় নেমেছে। এছাড়া ঢাকা থেকে চট্টগ্রামগামী বাংলাদেশ বিমানের বিজি-১২১ ফ্লাইটটিও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামে নামতে না পেরে পুনরায় ঢাকায় ফিরে গেছে।
তবে চট্টগ্রাম থেকে নির্ধারিত সব ফ্লাইট ছেড়ে গেছে বলে জানান ইব্রাহীম খলিল। তিনি বলেন, "বৈরী আবহাওয়ার কারণে আগমন ও প্রস্থানে প্রায় সব ফ্লাইটে স্বাভাবিক সময়ের তুলনায় ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা বিলম্ব হচ্ছে।"
বিমানবন্দর সূত্রে জানা গেছে, ওই এলাকায় ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইছে। পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৮৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। উল্লেখ্য, আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী ২৪ ঘণ্টায় ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি হলে তাকে অতি ভারী বৃষ্টি হিসেবে গণ্য করা হয়। সেই হিসেবে চট্টগ্রামে এই সময়ে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে।






