দেশের সরকারি চাকরিতে বর্তমানে ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন এবং বিভিন্ন দপ্তরে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। মঙ্গলবার সংসদে গোপালগঞ্জ-১ আসনের সরকারি দলের সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যার এক প্রশ্নের জবাবে এই তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী।
সংসদে দেওয়া তথ্যে প্রতিমন্ত্রী জানান, "৩০ জুন ২০২৫ পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবল-সংক্রান্ত হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশে সরকারি চাকরিতে মোট ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন। বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে মোট ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে।"
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন পদের বিবরণ দিয়ে তিনি জানান, সিনিয়র সচিব বা সচিবের ৬৯টি, অতিরিক্ত সচিবের ৩৬৮টি, যুগ্ম সচিবের ১ হাজার ১১৬টি এবং উপসচিবের ২ হাজার ২৪৫টিসহ মোট ৩ হাজার ৭৯৮টি অনুমোদিত পদ রয়েছে। এই অনুমোদিত পদের বিপরীতে বর্তমানে সিনিয়র সচিব বা সচিব পদে ৬৭ জন, অতিরিক্ত সচিব পদে ৩৭৮ জন, যুগ্ম সচিব পদে ৮৯৩ জন এবং উপসচিব পদে ১ হাজার ৬৪৫ জনসহ মোট ২ হাজার ৯৪০ জন কর্মকর্তা কর্মরত আছেন। নিয়োগ প্রসঙ্গে প্রতিমন্ত্রী আরও বলেন, "প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী অনুমোদিত পদের অতিরিক্ত জনবল নিয়োগের কোনো সুযোগ নেই।"






