মিসরের বিপক্ষে আজ মাঠে নামবে আর্জেন্টিনা। দলের শুরুর একাদশে তিনটি পরিবর্তন আনার কথা জানিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। এর মধ্যে লিয়ান্দ্রো পারেদেসের একাদশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম এল গ্রাফিকোর প্রতিবেদন অনুযায়ী, চোট কাটিয়ে বাঁ দিকের রক্ষণভাগে ফিরছেন নিকোলাস তাগলিয়াফিকো। গত ম্যাচে ক্র্যাম্পের কারণে মাঠ ছাড়তে হয়েছিল ফাকুন্দো মেদিনাকে। আজকের ম্যাচে মেদিনার পরিবর্তে শুরু থেকেই খেলতে দেখা যাবে তাগলিয়াফিকোকে। অন্যদিকে, পারেদেসকে একাদশে জায়গা করে দিতে মিডফিল্ড থেকে বেঞ্চে বসতে হচ্ছে থিয়াগো আলমাদাকে।

আক্রমণভাগেও পরিবর্তন আসছে বলে জানিয়েছে ওই সংবাদমাধ্যম। লিওনেল মেসির সঙ্গী হিসেবে শুরুর একাদশে খেলবেন হুলিয়ান আলভারেজ। টুর্নামেন্টের আগের ম্যাচগুলোতে এই পজিশনে ছিলেন মার্তিনেজ। এছাড়া অনুশীলনে রদ্রিগো দি পলের পরিবর্তে নিকো গঞ্জালেজকে দিয়ে পরীক্ষা চালিয়েছেন কোচ স্কালোনি। তবে ম্যাচের শুরু থেকেই এই পরিবর্তন দেখার সম্ভাবনা কম; পরিস্থিতি অনুযায়ী পরবর্তীতে গঞ্জালেজকে মাঠে নামানো হতে পারে।

আরেকটি সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, আজকের প্রথম একাদশে আলভারেজ, তাগলিয়াফিকো ও পারদেসকে দেখা যাবে। সম্ভাব্য একাদশটি হলো:

"মার্তিনেজ (গোলকিপার); নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ; হুলিয়ান আলভারেজ ও লিওনেল মেসি।"