আগামী মাসের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন করার পরিকল্পনা করা হচ্ছে। নির্বাচন শুরু হওয়ার পর ১০ থেকে ১২ মাসের মধ্যে স্থানীয় সরকারের সব ধরনের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহেদ উর রহমান মঙ্গলবার সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। ওই সংবাদ সম্মেলনে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।
তথ্য–সম্প্রচার ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহেদ উর রহমান আরও জানান, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) প্রাথমিক পথরেখা প্রণয়ন করেছে। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনের জন্য পৃথক রোডম্যাপ তৈরি করা হয়েছে, যা চলতি মাসের শেষের দিকে চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে। এছাড়া আগামী ৫ আগস্টের আগেই জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে বলে জানান উপদেষ্টা।
এর আগে গতকাল এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানান, স্থানীয় নির্বাচনের জন্য ইসি অক্টোবরকে সামনে রেখে কাজ এগিয়ে নিচ্ছে। নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহও জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনের সব ধরনের প্রাক্-প্রস্তুতি নিয়েছে ইসি।






