যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতাদের বিরুদ্ধে শিশুহত্যার বিচার দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনি। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় এমন দাবি করেন তিনি।

বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ২০২৫-২৬ সালে ইরানের বিরুদ্ধে সংঘটিত ‘শিশুহত্যা, যুদ্ধাপরাধ ও আগ্রাসনের’ জন্য দায়ীদের দেশের ও আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতে হবে। তাঁর ভাষ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতাদের প্রকাশ্য বক্তব্যই এসব অপরাধের স্বীকারোক্তি হিসেবে গণ্য করা যেতে পারে।

১৯৮১ সালে বোমা হামলায় নিহত ইরানের তৎকালীন প্রধান বিচারপতি আয়াতুল্লাহ মোহাম্মদ বেহেশতি ও অন্য শীর্ষ রাজনৈতিক নেতাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এসব কথা বলেন মোজতবা খামেনি। বার্তায় ২০২৫ সাল বলতে ওই বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ইরানের ১২ দিনের যুদ্ধকে বোঝানো হয়েছে।

খামেনির বক্তব্যে উল্লেখ করা ‘শিশুহত্যা’র অন্যতম উদাহরণ ইরানের মিনাব শহরের শাজারেহ তাইয়্যেবেহ বালিকা প্রাথমিক বিদ্যালয়ে হামলার ঘটনা। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের প্রথম দিন ইরানের দক্ষিণাঞ্চলের বিদ্যালয়টিতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় শতাধিক শিশু নিহত হয়। ইরানি কর্তৃপক্ষের দাবি, এতে শিক্ষকসহ ১৭৫ জনেরও বেশি নিহত হন। তাঁদের অধিকাংশই শিশু।