ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে অমৃতসরগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ সংক্ষিপ্ত সময়ের জন্য পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়েছিল। এ ঘটনায় পাইলটকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ জানিয়েছে, গত সোমবার (২২ জুন) রাতে এয়ারবাস এ৩২১ উড়োজাহাজটি দিল্লি থেকে অমৃতসরের দিকে যাচ্ছিল। রাত ১০টা ৮ মিনিটের দিকে অমৃতসরে অবতরণের প্রস্তুতিকালে রানওয়ে পরিদর্শনের কারণে উড়োজাহাজটিকে আকাশে অপেক্ষা করতে বলা হয়।
এর আগে একই দিন বিকেল ৪টা ২৯ মিনিটে অমৃতসরে অবতরণের পর ইন্ডিগোর ৬ই ৫০২৮ ফ্লাইটে পাখির আঘাত (বার্ড হিট) লাগার ঘটনা ঘটে। এ কারণে অমৃতসরে আসা পরবর্তী পাঁচটি ফ্লাইটকে অপেক্ষা করতে বলা হয়। এয়ার ইন্ডিয়ার দিল্লি–অমৃতসর ফ্লাইটটি অবতরণের অপেক্ষায় থাকা উড়োজাহাজগুলোর মধ্যে চতুর্থ ছিল।
ডিজিসিএর ভাষ্য অনুযায়ী, রাডারের নির্দেশনায় অবতরণের প্রক্রিয়া শুরু করার পর উড়োজাহাজটি অল্প সময়ের জন্য পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে। বিষয়টি পাকিস্তানের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সামাল দেওয়া হয়।
পরে উড়োজাহাজটি দিল্লিতে ফিরে যায় এবং নিরাপদে অবতরণ করে।
ঘটনার বিষয়ে এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে বলেছে, অমৃতসর বিমানবন্দরে ‘গো-অ্যারাউন্ড’ কৌশল প্রয়োগের সময় ফ্লাইট এআই৪৭৯ সামান্য পরিমাণে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছিল। বিষয়টি নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং এ নিয়ে অভ্যন্তরীণ তদন্ত চলছে।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, উড়োজাহাজটি প্রায় তিন মাইল পাকিস্তানের আকাশসীমার ভেতরে প্রবেশ করেছিল।
ডিজিসিএ আরও জানিয়েছে, ঘটনাটি রিপোর্ট না করায় ফ্লাইটের ক্রুসহ অমৃতসরের এক এয়ার ট্রাফিক কন্ট্রোলারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিমানবন্দর কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনার সময় অমৃতসর বিমানবন্দরে অবতরণরত বিমানগুলোকে রাডারের মাধ্যমে পর্যবেক্ষণ ও নির্দেশনা দেওয়ার সেবা (অ্যাপ্রোচ সার্ভেইল্যান্স) চালু ছিল না।
পরে উড়োজাহাজটি আবার অবতরণের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। জ্বালানি কমে আসার কথা জানিয়ে ক্রুরা উড়োজাহাজটিকে দিল্লিতে ফিরিয়ে নিয়ে যান।
এর কিছু সময় পর উড়োজাহাজটি আবার অমৃতসরের উদ্দেশে পাঠানো হয় এবং শেষ পর্যন্ত নির্ধারিত গন্তব্যে পৌঁছায়।






