জগৎকে আমরা কীভাবে বুঝি? সে কি নির্বাক, অচেতন ও বিচ্ছিন্ন বস্তুর সমষ্টি মাত্র? না, সে এক সৃষ্টিগত অর্থব্যবস্থা (কসমিক সেমিওটিক অর্ডার)। যেখানে প্রতিটি সত্তা একই সঙ্গে মাখলুক (সৃষ্ট), আয়াত (নিদর্শন) ও দালালাহ (ইঙ্গিত-ধারক)।
এই দৃষ্টিকোণ থেকে আমরা পদার্থকে কেবল বস্তু মনে করি না। পদার্থ হলো মাদ্দাহ বা সৃষ্ট রূপ ধারণের সম্ভাবনাময় ভিত্তি। আমরা শক্তি বা এনার্জিকে কেবলই স্বতন্ত্র স্বাধীন সত্তা মনে করি না। সে হচ্ছে কুদরাহ বা এনার্জির এক প্রকার কার্যকর প্রকাশ, যার মাধ্যমে ইরাদা বা পরম ইচ্ছার বাস্তবায়ন ঘটে।
প্রকৃতির নিয়মকে আমরা আত্মনির্ভর কাঠামো হিসেবে দেখি না। বরং তা হচ্ছে সুন্নাতুল্লাহ তথা আল্লাহর স্থায়ী ও পুনরাবৃত্ত বিধানিক বিন্যাস। যা সৃষ্টির ভেতরে শৃঙ্খলা ও সামঞ্জস্য তৈরি করে। তথ্যকে আমরা আধুনিক বিজ্ঞানের নিরপেক্ষ ডেটা মনে করি না। তথ্য হচ্ছে আয়াত ও দালালাহ বা অর্থবাহী নিদর্শন, যা অস্তিত্বকে পাঠযোগ্য করে তোলে।
এই কাঠামোয় কায়েনাত (মহাবিশ্ব) নিছক স্থির বস্তুজগৎ নয়। সে এক চলমান সেমিওটিক বাস্তবতা; একটি আয়াত-স্ট্রাকচার্ড অস্তিত্বব্যবস্থা, যেখানে প্রতিটি ঘটনা, কণা ও সম্পর্ক অর্থের দিকে ইঙ্গিত করে।
কোরআনের ভাষায়, জগৎজুড়ে ছড়িয়ে আছে নিদর্শনসমূহ। ছড়িয়ে আছে দিগন্তে, মানুষের অন্তর্জগতে। অর্থাৎ বাস্তবতা নিজেই একটি পাঠ্য (টেক্সট)। কিন্তু এই পাঠ্য কোনো মানব-রচিত গ্রন্থ নয়; এটি সৃষ্টিগত অর্থের প্রকাশ।
.মহাবিশ্ব কোনো বন্ধ সিস্টেম নয়। মহাবিশ্ব এক অবিরাম প্রকাশপ্রক্রিয়া, যেখানে অস্তিত্ব প্রতিনিয়ত অর্থের দিকে উন্মোচিত হচ্ছে।.ওহি ও বুদ্ধিবৃত্তি: ইসলামি জ্ঞানতত্ত্বের ভারসাম্য .
আধুনিক কোয়ান্টাম পদার্থবিজ্ঞানে বাস্তবতার পর্যবেক্ষণনির্ভরতা (অবজারভার-ডিপেন্ডেন্ট রিয়েলিটি) এবং তরঙ্গ-সম্ভাবনার (ওয়েভ ফাংশন) ধারণা রয়েছে, যেখানে কোনো কণা নির্দিষ্ট অবস্থায় আসে পর্যবেক্ষণের মাধ্যমে।
ইসলামি অধিবিদ্যায় এই ধারণার একটি গভীর দার্শনিক বিকল্প রয়েছে। যাকে বলে ‘তাজাল্লিয়াতুল হক’ বা সত্যের প্রকাশ ধারণা। এখানে বাস্তবতা কোনো স্থির বস্তু নয়; বরং সে সম্ভাবনার স্তর থেকে নির্দিষ্ট রূপে প্রকাশিত হয়। তাকে বোঝা যায় তাআইয়্যুন অর্থাৎ নির্ধারিত হয়ে ওঠা হিসেবে।
এই অর্থে মহাবিশ্ব কোনো বন্ধ সিস্টেম নয়। মহাবিশ্ব এক অবিরাম প্রকাশপ্রক্রিয়া, যেখানে অস্তিত্ব প্রতিনিয়ত অর্থের দিকে উন্মোচিত হচ্ছে।
আধুনিক তথ্যতত্ত্ব (ইনফরমেশন থিওরি) যেখানে বাস্তবতাকে ডেটা ও কোডের কাঠামো হিসেবে ব্যাখ্যা করে, সেখানে ইসলামি দৃষ্টিতে এই তথ্য কোনো নিরপেক্ষ সিগন্যাল নয়; বরং তথ্য এক অর্থ-নির্দেশিত চিহ্নব্যবস্থা।
বিটগুলো এখানে নিছক সংখ্যা নয়। তারা হচ্ছে হরফুল আয়াত বা অর্থবাহী একক চিহ্ন, যা বৃহত্তর দালালাহ-ব্যবস্থার অংশ। এই কারণে প্রকৃতি কোনো নির্বাক মেশিন নয়। প্রকৃতি হচ্ছে একটি ইশারাভাষী বাস্তবতা, যেখানে প্রতিটি সম্পর্কই একধরনের পাঠযোগ্য ইঙ্গিত।
.আশুরার যাত্রা: ইহুদি সংস্কৃতি থেকে ইসলামের পথে.সমগ্র কাঠামোয় জগৎ এক মহাসংলাপ। যেখানে পদার্থ, শক্তি, তথ্য এবং নিয়ম একে অপরের সঙ্গে সম্পর্কিত অর্থের জালে আবদ্ধ। এখানে বিজ্ঞান আর দর্শন পৃথক কোনো দ্বন্দ্বে লিপ্ত নয়।.
মহাবিশ্বের গতিশীলতাকে আধুনিক কসমোলজি ব্যাখ্যা করে সম্প্রসারণ, বিবর্তন ও সময়ের প্রবাহ হিসেবে। কিন্তু ইসলামি দর্শনে তা সুনানুল্লাহর চলমান বাস্তবায়ন।
অর্থাৎ সৃষ্টির পরিবর্তন কোনো অন্ধ যান্ত্রিক প্রক্রিয়া নয়। এটি এক বিধানিক প্রবাহ, যেখানে অস্তিত্ব ক্রমাগত নতুন রূপে প্রকাশিত হচ্ছে। কোরআনের ভাষায়, আল্লাহ প্রতিদিন নতুন শানে বিদ্যমান। অর্থাৎ মহাবিশ্বে অস্তিত্বের প্রকাশ কখনো স্থির নয়, বরং সদা-নবায়নশীল।
এই সমগ্র কাঠামোয় জগৎ এক মহাসংলাপ। যেখানে পদার্থ, শক্তি, তথ্য এবং নিয়ম একে অপরের সঙ্গে সম্পর্কিত অর্থের জালে আবদ্ধ। এখানে বিজ্ঞান আর দর্শন পৃথক কোনো দ্বন্দ্বে লিপ্ত নয়। বিজ্ঞান হলো সুনানুল্লাহ পাঠের একটি পদ্ধতি, দর্শন হলো সেই পাঠের অর্থতাত্ত্বিক গভীরতা, আর ওহি হলো সেই অর্থের চূড়ান্ত দালালাহ বা পরম উন্মোচন।
অতএব, কায়েনাতকে বোঝা মানে কেবল প্রকৃতিকে দেখা নয়; বরং প্রকৃতির ভেতরে লুকানো অর্থ-ভাষাকে পড়া। সেই পাঠের মধ্য দিয়েই জগৎ ধীরে ধীরে একটি বস্তুজগৎ থেকে রূপান্তরিত হয় এক অর্থময়, সম্পর্কনির্ভর ও তাজাল্লি-চালিত সৃষ্টিসমগ্রতায়।
মুসা আল হাফিজ : লেখক, প্রাবন্ধিক ও গবেষক। ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার অলিম্পিয়াড বাংলাদেশের চেয়ারম্যান






