যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রাথমিক চুক্তি নিয়ে আলোচনা করতে সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধের লক্ষ্যেই দুই দেশের মধ্যে এই সমঝোতা আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্টে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
গতকাল শনিবার রাতে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইরানি প্রতিনিধিদলের পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘আমরা সুইজারল্যান্ডে ইরানি প্রতিনিধিদলের আগমনকে স্বাগত জানাই।’ মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়নের অংশ হিসেবেই এই আলোচনার আয়োজন করা হয়েছে।
ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা এক প্রতিবেদনে তেহরানের প্রতিনিধিদলের সুইজারল্যান্ডে পৌঁছানোর খবরটি নিশ্চিত করেছে।
এই বৈঠককে কেন্দ্র করে এরই মধ্যে বুর্গেনস্টক রিসোর্টে বিভিন্ন দেশের কূটনীতিকদের অংশগ্রহণে একটি প্রস্তুতিমূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
সুইজারল্যান্ডের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটিএস জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের কারিগরি প্রতিনিধিদলের পাশাপাশি মধ্যস্থতাকারী দেশ কাতার ও পাকিস্তানের প্রতিনিধিরা এই প্রস্তুতিমূলক আলোচনায় যোগ দিয়েছেন।






