একবার লটারি জেতাই যেখানে ভাগ্যের ব্যাপার, সেখানে এক জীবনে ১৮ বার লটারি জেতা অলৌকিক ঘটনার চেয়ে কম কিছু নয়। যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের বাসিন্দা রবার্ট বেভানের ভাগ্যে ঠিক এই ঘটনাই ঘটেছে। সম্প্রতি তিনি ‘১,০০০,০০০ কিং স্ক্র্যাচ গেম’ থেকে লটারির টিকিট কিনে ৫০ হাজার ডলার পুরস্কার জিতেছেন, যা তাঁর জীবনের ১৮তম লটারি জয়।
আইডাহো লটারি কর্তৃপক্ষের তথ্য অনুসারে, রবার্টের এই রেকর্ড ভাঙা লটারি জয় শুরু হয়েছিল ১৯৯৭ সালে একটি বিশেষ প্রচারণায় শেভ্রোলেট ব্লেজার গাড়ি জেতার মধ্য দিয়ে। এরপর গত ২৯ বছরে ছোটখাটো নগদ অর্থ থেকে শুরু করে সর্বোচ্চ দুই লাখ ডলার পর্যন্ত লটারি জিতেছেন তিনি।
তবে এত অর্থ জেতার পরও রবার্ট বলেন, তাঁর কাছে লটারি সব সময়ই ছিল বিনোদনের বিষয়, অর্থ উপার্জনের উপায় নয়। বছরের পর বছর ধরে স্ত্রীকে সঙ্গে নিয়ে লটারির টিকিট কেনা তাঁর একধরনের অভ্যাসে পরিণত হয়েছিল।
লটারি কর্তৃপক্ষ যখন রবার্টের কাছে জানতে চেয়েছিল এতবার জেতার রহস্য কী, উত্তরে তিনি মৃদু হেসে বলেন, ‘লটারির অর্থ জেতা বড় কথা নয়। এই অসাধারণ নারীর সঙ্গে কাটানো ৪০টি বছরই আমার জীবনের আসল ভাগ্য।’
এ বছর রবার্ট দম্পতির বিয়ের ৪০তম বার্ষিকী উদ্যাপিত হচ্ছে। আইডাহো লটারি কর্তৃপক্ষ জানিয়েছে, লটারির টিকিট বিক্রি থেকে পাওয়া অর্থের একটি অংশ অঙ্গরাজ্যের সরকারি স্কুল ও বিভিন্ন সরকারি স্থাপনার উন্নয়নে ব্যয় করা হয়।






