আজকালকার দুনিয়ায় অর্জনের প্রতিযোগিতা, কেনাকাটার চাপ এবং ব্যস্ততার ভিড়ে আমরা এক অদ্ভুত শূন্যতা অনুভব করছি। যত বেশি পাচ্ছি, ততই শান্তি যেন দূরে সরে যাচ্ছে।

এই পরিস্থিতির জের থেকেই বিশ্বব্যাপী ‘মিনিমালিস্টিক জীবনযাপন’ ধারণাটি জনপ্রিয় হয়েছে। কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে এটি কোনো নতুন বিষয় নয়; বরং ‘জুহদ’, ‘কানাআত’ এবং ‘ইসরাফ’ পরিহারের নীতিতে এর প্রতিফলন ঘটেছে।

সহজ কথায়, এটি এমন জীবনধারা যেখানে অপ্রয়োজনীয় জিনিস, চিন্তা ও ভোগবিলাস কমিয়ে প্রয়োজনীয় ও অর্থবহ বিষয়গুলোতে মনোনিবেশ করা হয়। এর মূল কথা হলো কমের মধ্যে বেশি শান্তি ও তৃপ্তি খোঁজা।

তোমরা খাও ও পান করো, কিন্তু অপচয় করো না। নিশ্চয়ই তিনি অপচয়কারীদের পছন্দ করেন না।
সুরা আরাফ, আয়াত: ৩১

ইসলাম এই ধারণাকে কেবল বস্তুগত সীমাবদ্ধতায় রাখে না, বরং হৃদয়ের পরিশুদ্ধি, নিয়তের বিশুদ্ধতা এবং আল্লাহর প্রতি নির্ভরশীলতার সঙ্গে যুক্ত করে। আল্লাহ-তাআলা বলেন, “...তোমরা খাও ও পান করো, কিন্তু অপচয় করো না। নিশ্চয়ই তিনি অপচয়কারীদের পছন্দ করেন না।” (সুরা আরাফ, আয়াত: ৩১)

এই আয়াত শুধু নিয়ম নয়, একটি জীবনদর্শন। জীবন উপভোগ নিষিদ্ধ নয়, তবে সীমা অতিক্রম নিষেধ। আল্লাহ আরও বলেন, “নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। আর শয়তান তার রবের প্রতি খুবই অকৃতজ্ঞ।” (সুরা ইসরা, আয়াত: ২৭)

অতিরিক্ত ভোগবিলাসে ডুবে গেলে মানুষের অন্তরের শান্তি হারিয়ে যায়, কারণ প্রাচুর্যের চাকচিক্যে শয়তান হৃদয় দখল করে।

ইসলামে ‘জুহ্‌দ’ বলতে দুনিয়াকে সম্পূর্ণ ত্যাগ করা বোঝায় না; বরং দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি থেকে মুক্ত থাকা বোঝায়। একইভাবে ‘কানাআত’ হলো নিজের যা আছে তাতেই সন্তুষ্ট থাকা

ইসলাম দুনিয়া সম্পূর্ণ ত্যাগের কথা বলেনি, তবে এটিকে জীবনের লক্ষ্যও বানাতে নিষেধ করেছে। রাসুল (সা.) সহজ জীবন যাপন করতেন এবং সাহাবাদের অপ্রয়োজনীয় বিলাসিতা থেকে দূরে রাখতেন। তিনি বলেছেন, “প্রকৃত ধনী সেই ব্যক্তি, যার আত্মা সন্তুষ্ট।” (সহিহ বুখারি, হাদিস: ৬৪৪৬)

ইসলামে মিনিমালিস্টিক চিন্তার সবচেয়ে গভীর রূপ ‘জুহদ’, অর্থাৎ দুনিয়ার প্রতি অনাসক্তি। ইসলামে ‘জুহ্‌দ’ বলতে দুনিয়াকে সম্পূর্ণ ত্যাগ করা বোঝায় না; বরং দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি থেকে মুক্ত থাকা বোঝায়। ‘কানাআত’ হলো নিজের যা আছে তাতেই সন্তুষ্ট থাকা এবং অপ্রয়োজনীয় চাহিদা সংযত রাখা।

জুহদ সম্পর্কে সালাফগণের বক্তব্যে এর সারাংশ—হারাম ত্যাগ, অপ্রয়োজনীয় আসক্তি এড়ানো এবং হৃদয়কে দুনিয়ার দাসত্ব থেকে মুক্ত রাখা।

  • হাসান বাসরি: “জুহ্‌দ দুনিয়া ত্যাগ করা নয়, বরং আল্লাহর কাছে যা আছে তার ওপর নির্ভর করা।” (আবু নুআইম আল-আসফাহানি, হিলইয়াতুল আউলিয়া, ২/১৩৪, দারুল কিতাবিল আরাবি, বৈরুত, ১৯৭৪)

  • সুফিয়ান সাওরি: “জুহ্‌দ হলো দুনিয়া তোমার হৃদয়ে প্রবেশ না করা।” (ইমাম জাহাবি, সিয়ারু আলামিন নুবালা, ৭/২৪৫, মুয়াসসাসাতুর রিসালাহ, বৈরুত, ১৯৮৫)

  • আহমাদ ইবনে হাম্বল: “জুহ্‌দ হলো আশা কমিয়ে দেওয়া এবং দুনিয়ার ওপর নির্ভরতা ত্যাগ করা।” (কিতাবুয জুহদ, ১/১৮, দারুল কুতুবিল ইলমিয়্যাহ, বৈরুত, ১৯৯৯)

  • ইবনে তাইমিয়া: “জুহ্‌দ হলো দুনিয়াকে হৃদয়ের লক্ষ্য না বানানো।” (মাজমুউল ফাতাওয়া, ১০/৫১১, দারুল ওফা, কায়রো, ২০০৫)

সবকিছুর মাঝেও সুন্দর, সহজ ভারসাম্য ধরে রাখতে হবে। ইসলামের দৃষ্টিতে মিনিমালিস্টিক জীবন মানে কৃপণতা নয়, বরং একটি ভারসাম্যপূর্ণ ও সচেতন জীবনধারা।

১. প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া: ইসলাম হালাল ও প্রয়োজনীয় গ্রহণ করতে শেখায়, অপ্রয়োজনীয় ভোগবিলাস নয়।

২. অপচয় পরিহার করা: খাবার, সম্পদ, সময়—সবকিছুর অপচয় নিষিদ্ধ।

৩. অল্পেতুষ্টি: অল্পে সন্তুষ্ট থাকা এক বড় ইবাদত।

৪. হৃদয়ের স্বাধীনতা: সম্পদের প্রতি অতিরিক্ত আসক্তি মানুষকে দাস বানায়, যা ইসলাম সমর্থন করে না।

ইসলাম সবকিছু ছেড়ে দেওয়ার কথা বলে না, বরং সবকিছুর মাঝে ভারসাম্যপূর্ণ সচেতন জীবনধারা শেখায়। এটি দুনিয়ার ভিড়ে হারিয়ে না গিয়ে হৃদয়, সময় ও সম্পদ সঠিকভাবে ব্যবহার করতে সাহায্য করে। শান্তি আসে বিলাসের ভিড় থেকে নয়, আল্লাহর স্মরণে ব্যস্ত হৃদয় থেকে।

[email protected]

  • ইসমত আরা: শিক্ষক ও লেখক