এক্সে (পূর্বের টুইটার) নিয়মিত বার্তা, ছবি ও ভিডিও পোস্ট করেন অনেকে। অন্যের পোস্ট ভালো লাগলে লাইক দেন কেউ কেউ, আবার কেউ বুকমার্ক করে সংরক্ষণ করেন পড়ার জন্য। এমন পছন্দের পুরোনো বুকমার্ক, লাইকসহ পোস্ট ও ভিডিও আবার দেখার সুবিধা দিতে নতুন উদ্যোগ নিয়েছে এক্স। এর আওতায় বুকমার্কস ট্যাবের নাম হয়েছে হিস্ট্রি। এই ট্যাবে বুকমার্কের পাশাপাশি লাইক করা সব পোস্ট ও ভিডিও দেখা যাবে।
এক্সের তথ্য অনুযায়ী, হিস্ট্রি ট্যাবে অন্যের পোস্টে মন্তব্য বা প্রতিক্রিয়া দিলেই সেগুলো সংরক্ষিত হবে। পছন্দের ভিডিওগুলোও স্বয়ংক্রিয়ভাবে জমা হবে। ফলে যেকোনো সময় হিস্ট্রি ট্যাবে ক্লিক করে পুরোনো পোস্ট ও ভিডিও দেখা যাবে। এই নতুন সুবিধা প্রথমে আইফোনে পাওয়া যাবে।
এক্সের পণ্য বিভাগের প্রধান নিকিতা বিয়ারের তথ্য অনুযায়ী, হিস্ট্রি ট্যাব এক জায়গায় পছন্দের সব কনটেন্টের খোঁজ দেবে। বুকমার্কসে শুধু সংরক্ষিত কনটেন্ট দেখা যায়, কিন্তু হিস্ট্রিতে দেখা বা পড়ার ভিত্তিতে পোস্ট ও ভিডিও জমা হবে। এই তথ্য শুধু ব্যবহারকারী নিজেই দেখতে পারবেন।
এই পরিবর্তনের ফলে ব্যবহারকারীরা শুধু বুকমার্ক করা পোস্ট নয়, এক্সে পড়া সব পোস্ট ও ভিডিও একসঙ্গে দেখতে পারবেন। হিস্ট্রি ট্যাবে বুকমার্ক, দীর্ঘ ভিডিও, আর্টিকেল ও লাইক আলাদাভাবে এক জায়গায় পাওয়া যাবে। যেকোনো সময় সেগুলো পড়া বা দেখা সম্ভব হবে।
সূত্র: টেকক্রাঞ্চ, ম্যাশেবল






