অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখতে অভিনব প্রযুক্তি নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করেছে অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম ইক্কাডেমি। এতে অল্টারনেটিভ লার্নিং ইঞ্জিন প্রযুক্তি ব্যবহার করে অমনোযোগী শিক্ষার্থীদের স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হয়। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর সাতমসজিদ সড়কের সেবা ভবনে এক অনুষ্ঠানে প্ল্যাটফর্মটির উদ্বোধন হয়। অনুষ্ঠানে সিঙ্গাপুর থেকে ভার্চুয়ালি যুক্ত হন ইক্কাডেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আসিফ হোসেন চৌধুরী। সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক রিফাত এস রহমান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিয়াজ উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে জানানো হয়, ক্লাস চলাকালীন অল্টারনেটিভ লার্নিং ইঞ্জিন প্রযুক্তি শিক্ষার্থীদের মনোযোগ ও শেখার ধারাবাহিকতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। এটি সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে তৈরি এবং শিক্ষার্থী যদি পর্দার সামনে অমনোযোগী হয় বা কিছু বুঝতে না পারে, তাৎক্ষণিক শনাক্ত করে। ইক্কাডেমির ক্লাসে শিক্ষার্থীরা বিভিন্ন কুইজে অংশ নেয়, যার ফলাফল তাৎক্ষণিক যাচাই করে প্রযুক্তি নির্ধারণ করে তারা বিষয়টি সত্যিই বুঝেছে কিনা।
ইক্কাডেমির প্রধান প্রযুক্তি কর্মকর্তা মোহাম্মদ মশহুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, ‘শিক্ষা প্ল্যাটফর্মটি তৈরি করতে আমরা বাইরে থেকে কোনো কারিগরি সহায়তা নিইনি। প্রতিষ্ঠানের নিজস্ব সফটওয়্যার নির্মাতারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্ল্যাটফর্মটি তৈরি করেছেন।’
প্রাথমিকভাবে আইইএলটিএস ও ইংরেজি শেখার কোর্স নিয়ে শুরু হলেও ভবিষ্যতে বিভিন্ন পেশাদার ও বিজ্ঞানভিত্তিক কোর্স যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ইক্কাডেমি কর্তৃপক্ষ। বিস্তারিত জানা যাবে এই ওয়েবসাইটে।






