কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। গতকাল বৃহস্পতিবার রাতে মার্কিন বিচার বিভাগের একজন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

তবে অভিযোগ গঠনের সঠিক তারিখ নিশ্চিত হয়নি। কারণ এর জন্য একজন গ্র্যান্ড জুরির অনুমোদন প্রয়োজন।

কিউবার ৯৪ বছর বয়সী এই সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে ১৯৯৬ সালের একটি উড়োজাহাজ ভূপাতন ঘটনার সঙ্গে জড়িত অভিযোগ আনা হতে পারে। মার্কিন বিচার বিভাগের ওই কর্মকর্তা তেমনটাই ইঙ্গিত দিয়েছেন।

এর আগে সংবাদমাধ্যম সিবিএস বলেছিল, কিউবায় মানবিক সহায়তা সংস্থা ব্রাদারস টু দ্য রেসকিউ পরিচালিত একটি উড়োজাহাজ ভূপাতিত করার ঘটনাই মামলার মূল বিষয়।

ফ্লোরিডার সাউদার্ন ডিস্ট্রিক্টের মার্কিন অ্যাটর্নির কার্যালয় কিউবার জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে সম্ভাব্য ফৌজদারি অভিযোগ খতিয়ে দেখার কাজ তদারক করছে।