ইরানের সঙ্গে ২০১৫ সালের পরমাণু চুক্তির পক্ষে স্পষ্ট অবস্থান জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, এই চুক্তির মাধ্যমে কোনো আঞ্চলিক সংঘাত ছাড়াই তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল।
মার্কিন গণমাধ্যম সিবিএস-কে দেওয়া সাক্ষাৎকারে ওবামা জানান, চুক্তিটি ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের বড় অংশ সরিয়ে নেওয়ায় সফল হয়েছিল। তৎকালীন মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা তথ্যও এর পক্ষে ছিল।
ওবামা বলেন, ‘আমরা একটি ক্ষেপণাস্ত্র না ছুড়েই এটি সম্পন্ন করেছি। আমরা তাদের ৯৭ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিতে সক্ষম হয়েছিলাম।’ তিনি আরও বলেন, ‘এটি যে কাজ করেছিল তা নিয়ে কোনো বিতর্ক নেই। আর এর জন্য আমাদের একগাদা মানুষ মারতে হয়নি কিংবা হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ারও প্রয়োজন পড়েনি।’






