সরকার আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সম্পদ কর চালুর পরিকল্পনা করছে। একই সঙ্গে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশার ওপর প্রথমবার অগ্রিম আয়কর আরোপের চিন্তাও চলছে। নিম্ন ও মধ্যম আয়ের করদাতাদের উপর করের চাপ কমানোর জন্য করমুক্ত আয়ের সীমা বর্তমান ৩ লাখ ৭৫ হাজার টাকা থেকে ধীরে ধীরে ৪ লাখ টাকায় নেওয়ার পরিকল্পনা রয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকার সচিবালয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে আগামী অর্থবছরের বাজেট নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এ নির্দেশনা দেন। এনবিআর সূত্রে এ কথা জানা গেছে।
আগামী অর্থবছরের বাজেটের পরিমাণ ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা হবে, যা চলতি ২০২৫-২৬ অর্থবছরের ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেটের চেয়ে ১ লাখ ৪০ হাজার কোটি টাকা বেশি। জাতীয় সংসদে এ বাজেট পেশ হবে আগামী ১১ জুন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে অপ্রদর্শিত অর্থ ও বিশেষ বিনিয়োগ সুযোগ সম্পর্কিত বিধান নিয়ে আলোচনা হয়লেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্ক ছাড়ের সীমা ৫ লাখ টাকায় উন্নীত করার প্রস্তাব প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন। এছাড়া তামাকজাত পণ্য ও বিদেশি মদের দাম বাড়তে পারে। এতে রাজস্ব বাড়বে এবং মানুষের ভোগ কমবে।
চলমান জ্বালানিসংকট মোকাবিলায় বৈদ্যুতিক যানবাহন ও অন্যান্য পরিবেশবান্ধব পরিবহনের জন্য প্রণোদনা দেওয়ার বিষয়টিও বিবেচনাধীন।
সূত্রমতে, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, সম্পদ করের প্রস্তাব এমনভাবে তৈরি করতে হবে যাতে নির্দিষ্ট আয়ের ওপর নির্ভরশীল মানুষেরা ক্ষতিগ্রস্ত না হন। এর মাধ্যমে উচ্চ আয়ের গোষ্ঠীকে আরও কঠোর নজরদারির অধীনে আনতে হবে। সরকারের উদ্দেশ্য নিম্ন আয়ের গোষ্ঠীকে যতটা সম্ভব কম কষ্ট দেওয়া।
সরকারের টার্নওভার কর বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই; বরং করের আওতা বাড়ানোই মূল লক্ষ্য। করছাড়ের পাশাপাশি পরিবেশগত বিষয়ও বৈঠকে গুরুত্ব পেয়েছে। প্রধানমন্ত্রী আর্থিক ও করনীতি যেন পরিবেশগত টেকসই উন্নয়নকে সহায়তা করে—এ বিষয়ে জোর দিতে বলেছেন।
মোটরসাইকেলের ক্ষেত্রে ১১১ থেকে ১২৫ সিসির জন্য বার্ষিক কর ১ হাজার টাকা, ১২৬ থেকে ১৬৫ সিসির জন্য ৩ হাজার টাকা এবং ১৬৫ সিসির বেশি মোটরসাইকেলের জন্য ৫ হাজার টাকা নির্ধারণের নির্দেশনা দেওয়া হয়েছে। বিলাসবহুল গাড়ির ক্ষেত্রে (৩,৫০০ সিসির বেশি ইঞ্জিন ক্ষমতা) অগ্রিম আয়কর ২ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করার পরিকল্পনা রয়েছে। তবে ১,৫০০ সিসি পর্যন্ত গাড়ির ক্ষেত্রে বিদ্যমান ২৫ হাজার টাকার অগ্রিম আয়কর অপরিবর্তিত থাকবে।






