দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে স্থায়ী জামিন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আনিস আলমগীরের আইনজীবী তাসলিমা জাহান পপি মুক্তকণ্ঠকে তথ্যটি নিশ্চিত করেন।

আইনজীবী তাসলিমা জাহান জানান, আনিস আলমগীর মামলায় ব্যক্তিগত হাজিরা মওকুফের আবেদন করেছিলেন। কিন্তু আদালত সেই আবেদন প্রত্যাখ্যান করে তাঁকে সশরীরে হাজিরা দিতে বলেছেন।

আইনজীবী সূত্র জানায়, বৃহস্পতিবার এই মামলার ধার্য ছিল। তাই আনিস আলমগীর আদালতে হাজির হয়েছেন। তাঁর পক্ষে তিনটি আলাদা আবেদন দায়ের করা হয়—স্থায়ী জামিন, ব্যক্তিগত হাজিরা মওকুফ এবং বিদেশযাত্রার অনুমতি। আদালত শুনানি করে স্থায়ী জামিন মঞ্জুর করেন। ব্যক্তিগত হাজিরা মওকুফের আবেদন নামঞ্জুর করেন। বিদেশযাত্রার ক্ষেত্রে আদালত বলেন, আনিস আলমগীর এক মাস বিদেশে থাকতে পারবেন।

শুনানির পর আনিস আলমগীর মুক্তকণ্ঠকে বলেন, “তাঁর স্থায়ী জামিন মঞ্জুর করেছেন আদালত। তবে তাঁকে সশরীর হাজিরা দিতে হবে। তিনি মামলা থেকে তো রক্ষা পাচ্ছেন না। তিনি আশা করেন, বর্তমান সরকার তাঁকে হয়রানি থেকে রেহাই দেবেন।”

গত ১৫ জানুয়ারি দুদক আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা করে। ২৮ জানুয়ারি তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ১১ মার্চ এই মামলায় তাঁর জামিন হয়।