বাংলাদেশের প্রযুক্তিপণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড চীনের প্রযুক্তি জায়ান্ট লেনোভোর কাছ থেকে ‘ডিস্ট্রিবিউটর এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫–২৬’ পেয়েছে। গত মঙ্গলবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর একটি হোটেলে অনুষ্ঠিত অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে দক্ষিণ এশিয়াসহ বিভিন্ন দেশের শীর্ষ প্রযুক্তি অংশীদার, পরিবেশক এবং খাতের প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন। আজ বৃহস্পতিবার একটি সংবাদ বিজ্ঞপ্তিতে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক এস এম মহিবুল হাসানের হাতে পুরস্কার তুলে দেন লেনোভো ইন্ডিয়ার ডিরেক্টর–ওভারসিস নাভিন কেজরিওয়াল। সেখানে ঘোষণা করা হয়, ২০২৫–২৬ অর্থবছরে বাংলাদেশে লেনোভো পণ্যের বাজারজাতকরণে অসাধারণ সাফল্য, বাজার সম্প্রসারণ এবং ব্যবসায়িক দক্ষতার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেওয়া হয়েছে।

এস এম মহিবুল হাসান বলেন, “বাংলাদেশের আইসিটি খাতের ক্রমবর্ধমান অগ্রযাত্রায় (বিডি) লিমিটেড দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। লেনোভোর সঙ্গে প্রতিষ্ঠানের দৃঢ় অংশীদারত্ব, কার্যকর ব্যবসায়িক কৌশল ও গ্রাহকসেবার মানোন্নয়নে ধারাবাহিক প্রচেষ্টার ফলেই এই আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করা সম্ভব হয়েছে।”

অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের পক্ষে লেনোভোর পণ্য ব্যবস্থাপক মাজেদ ইবনে আলিও উপস্থিত ছিলেন। তিনি বলেন, “এই অর্জন দেশের আইসিটিশিল্পে স্মার্ট টেকনোলজিসের নেতৃত্বস্থানীয় অবস্থানকে আরও সুদৃঢ় করবে এবং আন্তর্জাতিক প্রযুক্তি ব্র্যান্ডগুলোর সঙ্গে বাংলাদেশের সফল ব্যবসায়িক সহযোগিতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে কাজ করবে।”