শিক্ষা মন্ত্রণালয় প্রথমে ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা এ বছরের ডিসেম্বরের মধ্যে নেওয়ার প্রাথমিক পরিকল্পনা করেছিল। কিন্তু শিক্ষার্থীসহ অংশীজনেরা ‘হুট করে’ ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়া ঠিক হবে না বলে মত দিয়েছেন। তাঁদের পরামর্শ, এসএসসি পরীক্ষা আগামী বছরের জানুয়ারিতে এবং এইচএসসি জুনে নেওয়া যেতে পারে। এখন শিক্ষা বোর্ডগুলো এই সময়সূচী অনুযায়ী পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। তবে ভবিষ্যতে পর্যায়ক্রমে এটি ডিসেম্বরে নিয়ে আসা সম্ভব।
গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের উপস্থিতিতে এই দুই পাবলিক পরীক্ষা নিয়ে অংশীজনদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এমন অভিমত উঠে আসে। বৈঠকে উপস্থিত দুজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা মুক্তকণ্ঠকে এ তথ্য জানান। তাঁদের সঙ্গে কথা বলে মনে হয়েছে, অংশীজনদের এই মতামতের পর ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা এ বছরের ডিসেম্বরে হবে না, পরবর্তী বছরই হবে।
দীর্ঘদিন ধরে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতে এবং এইচএসসি এপ্রিলের শুরুতে অনুষ্ঠিত হয়ে আসছিল। তবে করোনার পর থেকে এই সময়সূচি আর বজায় নেই, বরং আরও পিছিয়ে পড়েছে। চলতি বছরের (২০২৬ সাল) এসএসসি পরীক্ষা শুরু হয় গত ২১ এপ্রিল, আর এইচএসসি শুরু হবে জুলাই মাসে।
অংশীজনদের মতামতের ভিত্তিতে এসএসসি আগামী বছরের জানুয়ারিতে ও এইচএসসি আগামী বছরের জুনে নেওয়ার প্রস্তুতি।
সম্প্রতি ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত মতবিনিময় সভায় ডিসেম্বরের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। তবে ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা প্রকাশের পর এ নিয়ে প্রতিক্রিয়া জন্ম নেয়। গতকালের অংশীজনদের সভাতেও ডিসেম্বরে পরীক্ষা না নেওয়ার পক্ষে মত এসেছে। অনলাইনে সভায় যুক্ত একজন শিক্ষার্থী বলেছে, হুট করে এ বছরের ডিসেম্বরে পরীক্ষা নিলে প্রস্তুতিতে ঘাটতি হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, শিক্ষামন্ত্রী অংশীজনদের মতামতের ওপর বিষয়টি ছেড়ে দিয়েছেন।
এইচএসসি পরীক্ষার বিষয়ে আরেকজন বলেন, গত বছরের (২০২৫) একাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছিল ওই বছরের ১৫ সেপ্টেম্বর। সুতরাং ডিসেম্বরে পরীক্ষা নিতে গেলে পাঠ্যসূচিই শেষ হবে না। বৈঠকে অংশগ্রহণকারী একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মুক্তকণ্ঠকে বলেন, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ওই বছরের জানুয়ারিতে এবং এইচএসসি জুনে নেওয়ার পক্ষে মত পেয়েছেন।
বর্তমানে দেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষাবর্ষ জানুয়ারিতে শুরু হয়ে ডিসেম্বরে শেষ হয়। তবে উচ্চমাধ্যমিকের শিক্ষাবর্ষ শুরু হয় জুলাই মাসে। আবার দেশে উচ্চশিক্ষার সেশনও জুলাই থেকে শুরু হয়। তাই শিক্ষাবিদেরা বলে আসছেন, বছরের একটি নির্দিষ্ট সময়ে পরীক্ষা নেওয়া গেলে তা ইতিবাচক হবে। কিন্তু সেই কাজটি করতে হবে সমন্বিত ও পরিকল্পিতভাবে।
জানতে চাইলে বৈঠকে উপস্থিত ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার মুক্তকণ্ঠকে বলেন, শিক্ষামন্ত্রী অংশীজনদের মতামতের ওপর বিষয়টি ছেড়ে দিয়েছেন। অংশীজনেরা বলেছেন যেহেতু মাধ্যমিকের শিক্ষাবর্ষ ডিসেম্বরে শেষ হয়, তাই ডিসেম্বরে পাঠ্যসূচি শেষ করে আগামী জানুয়ারিতে এসএসসি পরীক্ষা নেওয়া যায়। আর গতবার একাদশ শ্রেণির ক্লাস যেহেতু সেপ্টেম্বরে শুরু হয়েছিল, সেই হিসাবে এইচএসসি পরীক্ষার্থীদের পাঠ্যসূচি শেষ করতে অন্তত ১৮ মাস সময় দিতে হবে। সেই বিবেচনায় এইচএসসি পরীক্ষা জুনে নেওয়ার বিষয়ে মতামত এসেছে। এখন অংশীজনদের এই মতামতের ওপর ভিত্তি করে তাঁরা ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।






