বেইজিংয়ের ঐতিহাসিক টেম্পল অব হেভেন মন্দিরে চীন সফরে থাকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সঙ্গ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। আজ বৃহস্পতিবার দুই নেতা এই ৬০০ বছরের পুরোনো মন্দিরটি পরিদর্শন করেন।

ইউনেসকো বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত এই মন্দিরটি ১৪২০ সালের দিকে নির্মিত হয়, যখন চীনে মিং সাম্রাজ্যের শেষভাগ চলছিল। রাজকীয় বলিদান ও ভালো ফসলের প্রার্থনার জন্য এখানে ব্যবহার করা হতো।

এর আগে আজ সকালে বেইজিংয়ের ঐতিহাসিক ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ সি চিন পিংয়ের সঙ্গে ট্রাম্পের বৈঠক হয়। বৈঠকের পরপরই দুজন একসঙ্গে টেম্পল অব হেভেনে যান। প্রায় ৯ বছর আগে ২০১৭ সালে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে বেইজিং সফরে এসে ট্রাম্পও এই মন্দিরটি দেখেছিলেন। এবার রাষ্ট্রীয় সফরে তিনি আবার চীনে এসেছেন।

মন্দির প্রাঙ্গণে পৌঁছে সাংবাদিকরা ট্রাম্পের কাছে জানতে চান, সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক কেমন হলো? বার্তা সংস্থা এপি জানিয়েছে, জবাবে মার্কিন প্রেসিডেন্ট ছোট করে বলেন, “দারুণ”। তাইওয়ান নিয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি কোনো জবাব দেননি।