পবিত্র ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন অবকাশের সুযোগে দেশের সকল স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদি ছুটি শুরু হচ্ছে। ছুটির তালিকা অনুসারে, ২৪ মে থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, কারিগরি প্রতিষ্ঠান এবং মাদ্রাসায় ছুটি আরম্ভ হবে। যদিও শিক্ষা ক্যালেন্ডারে ২৪ মে ছুটির তারিখ উল্লেখ আছে, শিক্ষার্থীরা মূলত ২১ মে ক্লাস শেষ করে লম্বা ছুটিতে যাচ্ছে। কারণ ২২ ও ২৩ মে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির জন্য।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সংশোধিত শিক্ষাপঞ্জি (ছুটির তালিকা) বিশ্লেষণ করে এ তথ্য নিশ্চিত হয়েছে।

শিক্ষাপঞ্জি অনুসারে, সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসায় ২৪ মে থেকে ছুটি শুরু হবে। তবে ২২ ও ২৩ মে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির কারণে ২১ মে বৃহস্পতিবারই অধিকাংশ প্রতিষ্ঠানের শেষ ক্লাস বা কর্মদিবস হবে।

ছুটির তালিকা অনুযায়ী, প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলবে ৪ জুন পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি শেষ করে ৭ জুন রবিবার থেকে পাঠদান শুরু হবে। ফলে এই স্তরের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ টানা ১৬ দিনের ছুটি পাবে।

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষার্থীরা আরও লম্বা ছুটি ভোগ করবে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসায় ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত ছুটি। তারপর ১২ ও ১৩ জুন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন রবিবার ক্লাস শুরু হবে। এতে মাদ্রাসার শিক্ষার্থীরা ২৩ দিনের ছুটি পাবে।

জুনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর জুলাই মাসে আরও একটি সরকারি ছুটি রয়েছে। শিক্ষাপঞ্জি অনুসারে, ২৯ জুলাই আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে একদিনের ছুটি। এছাড়া আগস্টে ৫ আগস্ট ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’, ১২ আগস্ট আখেরি চাহার শোম্বা ও ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সেপ্টেম্বরেও শুভ জন্মাষ্টমী ও ফাতেহা–ই–ইয়াজদাহম উপলক্ষে ছুটি নির্ধারিত রয়েছে।