আসন্ন ঈদুল আজহার জন্য সরকার কোরবানির পশুর চামড়ার দাম ঘোষণা করেছে। এবার ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুট দাম গত বছরের তুলনায় ২ টাকা বেড়েছে।
ঢাকায় গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৬২ থেকে ৬৭ টাকা, যা গত বছর ছিল ৬০ থেকে ৬৫ টাকা। ঢাকার বাইরে এই দাম ৫৭ থেকে ৬২ টাকা রাখা হয়েছে, যা গত বছর ছিল ৫৫ থেকে ৬০ টাকা।
আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে কোরবানি–সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ সভা শেষে সাংবাদিকদের কোরবানির পশুর চামড়ার দামের কথা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।
এবার খাসির চামড়ার প্রতি বর্গফুট লবণযুক্ত দাম ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ দাম ঢাকা এবং ঢাকার বাইরে কার্যকর হবে।
সাংবাদিকদের বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘এবারও চামড়া সংরক্ষণের জন্য ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ বিনা মূল্যে দেবে সরকার। প্রতিটি এলাকায় ব্যবসায়ী ও মসজিদ–মাদ্রাসায় চামড়া সংরক্ষণ করা হবে।’
এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আগামী কোরবানির ঈদে আমাদের কোনো চামড়া যেন নষ্ট না হয়, সে জন্য আমরা কাজ করছি। প্রতিটি জেলা ও উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট মসজিদ-মাদ্রাসার লোকদের ডেকে এনে প্রশিক্ষণ দেবে। তাঁরা কোরবানির পরে চামড়া সংরক্ষণ করবেন।’






