পারিবারিক জীবনে স্বামী-স্ত্রীর সম্পর্ক খুবই সূক্ষ্ম। এই বন্ধনে ভালোবাসা, শ্রদ্ধা ও সহানুভূতির পাশাপাশি ইসলাম পারস্পরিক কল্যাণমুখী আনুগত্যের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে।
এটি কোনো অন্ধ অনুসরণ নয়, বরং ভারসাম্যপূর্ণ পারিবারিক জীবনের মূল ভিত্তি। এসব বিষয়ে উম্মুল মুমিনিন আয়েশা (রা.)-এর জীবন আমাদের জন্য চমৎকার উদাহরণ।
নবীজির সঙ্গে আয়েশার দাম্পত্য জীবন ছিল প্রায় নয় বছরের। এই সময়ে তিনি সব ক্ষেত্রে সচেতনতা ও গভীর ভালোবাসা দেখিয়েছেন। তিনি শুধু সরাসরি আদেশ পালন করতেন না, এমনকি নবীজির অসন্তুষ্টির কারণ হতে পারে এমন কোনো কাজও করতেন না।
একটি ঘটনা এ বিষয়টি পরিষ্কার করে। একবার আয়েশা (রা.) একটি প্রাণীর ছবিযুক্ত গদি কিনেছিলেন। তিনি ভেবেছিলেন, এতে নবীজি আরাম করে বসতে পারবেন। কিন্তু রাসুলুল্লাহ (সা.) সেটি দেখে ঘরের দরজায় দাঁড়িয়ে থেমে গেলেন, ভেতরে ঢুকলেন না।
তাঁর মুখে অসন্তুষ্টির ছাপ দেখে আয়েশা (রা.) তাৎক্ষণিক নিজের ভুল বুঝলেন এবং বিনয়ের সঙ্গে ক্ষমা চাইলেন।
নবীজি (সা.) তখন ব্যাখ্যা করলেন যে প্রাণীর ছবি নির্মাণ করা নিষিদ্ধ এবং যে ঘরে এমন ছবি থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না। (সহিহ বুখারি, হাদিস: ৫৯৬১)
এ ঘটনায় আয়েশার সবচেয়ে উজ্জ্বল গুণ হলো ভুল বুঝতে পারার সঙ্গে সঙ্গে তা সংশোধন করা। তিনি কোনো তর্ক-বিতর্কে জড়াননি, বরং নিজের সিদ্ধান্ত ভুল প্রমাণিত হওয়ামাত্র তা থেকে ফিরে এসেছেন। এটি আদর্শ জীবনসঙ্গীর একটি মূল বৈশিষ্ট্য।
আরেকটি ঘটনা আয়েশার আত্মত্যাগের অসাধারণ দৃষ্টান্ত দেখায়। সাহাবি রবিআ আসলামি (রা.) বিয়ে করবেন, কিন্তু ওলিমা দেওয়ার মতো সামর্থ্য তাঁর নেই। নবীজি (সা.) তাঁকে আয়েশার কাছে পাঠালেন খাবারভর্তি একটি পাত্র নেওয়ার জন্য।
সাহাবি রবিআ আসলামি (রা.) বিয়ে করবেন, কিন্তু ওলিমা দেওয়ার মতো সামর্থ্য তাঁর নেই। নবীজি (সা.) তাঁকে আয়েশার কাছে পাঠালেন।
রবিআ (রা.) যখন তাঁর কাছে গেলেন, আয়েশা (রা.) জানালেন যে ঘরে মাত্র নয় সা (এক সা সমান সোয়া তিন কেজি প্রায়) যব ছাড়া আর কোনো খাবার নেই। তবুও তিনি কোনো দ্বিধা ছাড়াই সেই শেষ সম্বলটুকু রবিআকে দিয়ে দিলেন। (ইমাম হাকেম, আল–মুসতাদরাক, ২/১৮৮)
এ ঘটনা প্রমাণ করে যে আয়েশার দায়িত্ববোধ কেবল কথায় সীমাবদ্ধ ছিল না। নিজের প্রয়োজন ও সীমাবদ্ধতার ঊর্ধ্বে তিনি স্বামীর পরামর্শ ও মানবিকতাকে প্রাধান্য দিয়েছেন। তাঁর এই আত্মত্যাগ শুধু দায়িত্ববোধ নয়, ইমানের গভীরতা ও আল্লাহর প্রতি পূর্ণ আস্থার প্রকাশ।
আজকের সমাজে স্বামী-স্ত্রীর সম্পর্কের টানাপোড়েনের একটি বড় কারণ পারস্পরিক অধিকার ও দায়িত্ব সম্পর্কে অসচেতনতা। যদি উভয় পক্ষ নবীজির আদর্শ ও আয়েশার মতো সংবেদনশীলতা গ্রহণ করেন, তবে পারিবারিক জীবনে শান্তি ও সৌহার্দ্য নিশ্চিত। আয়েশার জীবন শেখায়, সত্যিকারের সুখ আসে ত্যাগের মাধ্যমে।
একজন মুসলিম নারীর জন্য এই আন্তরিকতা কেবল সামাজিক দায়িত্ব নয়, বরং ইবাদত—যদি তা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এবং শরিয়তের সীমায় করে হয়।
ভালোবাসা ও দায়িত্ববোধ দিয়ে গড়ে ওঠা এই আনুগত্যই একটি সুখী ও শান্তিময় পরিবারের মজবুত ভিত্তি।






