ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের এ পর্যন্ত খরচ হয়েছে ২ হাজার ৯০০ কোটি ডলার। গতকাল মঙ্গলবার পেন্টাগনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানান। গত এপ্রিলের শেষ দিকে দেওয়া হিসাবের তুলনায় এই পরিমাণ ৪০০ কোটি ডলার বেশি।
মাত্র ছয় মাস পর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন হবে। এতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির জন্য প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা কঠিন হতে পারে। জনমত জরিপে ডেমোক্র্যাটরা এগিয়ে রয়েছেন। তারা যুদ্ধের খরচকে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণ হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন।
আগে ২৯ এপ্রিল পেন্টাগন জানায়, তখন পর্যন্ত যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ হয়েছিল ২ হাজার ৫০০ কোটি ডলার।
কম্পট্রোলার জুলস হার্স্ট গতকাল আইনপ্রণেতাদের বলেন, নতুন হিসাবে সামরিক সরঞ্জাম মেরামত ও পরিবর্তনের খরচের হালনাগাদ তথ্য এবং যুদ্ধ পরিচালনার ব্যয় যুক্ত করা হয়েছে।
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় পেন্টাগনের হিসাবের চেয়ে দ্বিগুণ হতে পারে। হার্স্ট বলেন, জয়েন্ট স্টাফ দল ও কম্পট্রোলার দল নিয়মিত এই খরচের হিসাব পর্যালোচনা করছে। তিনি প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের সঙ্গে উপস্থিত ছিলেন।
তবে ২ হাজার ৯০০ কোটি ডলারের এই হিসাব কীভাবে তৈরি হয়েছে, তা পেন্টাগন স্পষ্ট করেনি।
গত মার্চে একটি সূত্র রয়টার্সকে বলেছিল, ট্রাম্প প্রশাসনের হিসাবে যুদ্ধের প্রথম ছয় দিনেই কমপক্ষে ১ হাজার ১৩০ কোটি ডলার খরচ হয়েছিল।






