নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা ঘাটে জেরা মেঘনা ঘাট পাওয়ার লিমিটেডের ক্যানটিনে গ্যাস লিকেজের কারণে বিস্ফোরণ ঘটে ১২ জন দগ্ধ হয়েছেন। আজ বুধবার বেলা একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), আমির (২৫), শঙ্কর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), মনির হোসেন (৪৫), আল আমিন (৪০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) ও বদরুল হায়দার (৫০)। তাঁদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ক্যানটিনে খাবার খাচ্ছিলেন বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা। হঠাৎ ভিতরে বিস্ফোরণ হলে অন্তত ১২ জনের হাত, মুখ ও পা পুড়ে যায়। সহকর্মীরা তাৎক্ষণিক উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, "দগ্ধ ব্যক্তিদের জাতীয় বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।"

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান মুক্তকণ্ঠকে জানান, দুপুরে ১২ জন দগ্ধ রোগী হাসপাতালে আনা হয়েছে। তাঁদের দগ্ধ হওয়ার মাত্রা পরীক্ষা করা হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।