ইনস্টাগ্রামে অনেকে বন্ধু বা পরিচিতের পছন্দনীয় পোস্ট বা ভিডিও নিজের অ্যাকাউন্ট থেকে পুনরায় শেয়ার করেন। অন্যের তৈরি কনটেন্ট শেয়ার করে জনপ্রিয়তা পাওয়া সত্ত্বেও কেউ কেউ নিজে ভালো মানের কনটেন্ট তৈরি করেন না। এমন অ্যাকাউন্টগুলোর জন্য কনটেন্ট র্যাঙ্কিং নীতিমালায় পরিবর্তন এনেছে ইনস্টাগ্রাম। নতুন নীতিমালা অনুসারে, যেসব অ্যাকাউন্ট নিয়মিত অন্যের কনটেন্ট উল্লেখযোগ্য সম্পাদনা ছাড়াই শেয়ার করে, সেগুলো নতুন ব্যবহারকারীদের কাছে সুপারিশ করা হবে না।
ইনস্টাগ্রামের ক্রিয়েটরস ব্লগে বলা হয়েছে, এত দিন রিলসের ক্ষেত্রে প্রযোজ্য নীতিমালা এখন থেকে ছবি ও ক্যারোসেল পোস্টেও কার্যকর হবে। ফলে যেসব অ্যাকাউন্টের কনটেন্ট কৌশল মূলত রিপোস্ট-নির্ভর, সেগুলোর ভিজিবিলিটি কমে যেতে পারে। নিয়মিত অন্যের কনটেন্ট শেয়ারকারীদের সরাসরি প্রোফাইলে পোস্ট না করে স্টোরিতে শেয়ার, রিপোস্ট বাটন ব্যবহার বা ‘কোল্যাব’ চালুর মাধ্যমে যৌথভাবে প্রকাশের পরামর্শও দিয়েছে ইনস্টাগ্রাম।
নতুন নীতিমালার আওতায় কোনো অ্যাকাউন্ট রিকমেন্ড তালিকা থেকে বাদ পড়লে তা পুনরায় বিবেচনার সুযোগ দেবে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম জানিয়েছে, ৩০ দিনের মধ্যে অ্যাকাউন্টের অধিকাংশ পোস্ট রিলস, ছবি বা ক্যারোসেল নিজেদের তৈরি হলে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে। পাশাপাশি অন্যের তৈরি কনটেন্ট সরিয়ে ফেলা বা সংশ্লিষ্ট সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগও রাখা হয়েছে।
সূত্র: ম্যাশেবল






