গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘গুগল আই/ও ২০২৬’ অনুষ্ঠিত হবে ১৯ মে। এর আগেই গতকাল মঙ্গলবার ‘দ্য অ্যান্ড্রয়েড শো: আই/ও সংস্করণ’ নামে একটি বিশেষ অনলাইন অনুষ্ঠান আয়োজন করে গুগল। এখানে গুগলবুক ল্যাপটপসহ অ্যান্ড্রয়েড, জেমিনি এবং বিভিন্ন স্মার্ট যন্ত্রের জন্য একাধিক নতুন প্রযুক্তি ও সুবিধা যুক্তের ঘোষণা দিয়েছে কোম্পানি।
অনুষ্ঠানে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে ‘গুগলবুক’। এটি জেমিনিনির্ভর নতুন প্রজন্মের ল্যাপটপ। গুগলবুকের অন্যতম আকর্ষণ ‘ম্যাজিক পয়েন্টার’ নামক কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত মাউস কার্সর। কোনো লেখা, তারিখ বা ছবির ওপর কার্সর রাখলেই এটি প্রাসঙ্গিক কাজের পরামর্শ দেখাবে। উদাহরণস্বরূপ, ই–মেইলে কোনো তারিখের উপর কার্সর রাখলে স্বয়ংক্রিয়ভাবে সভার সময় নির্ধারণের অপশন দেখা যাবে।
এই ল্যাপটপে অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপগুলোও চালানো যাবে। এর জন্য অতিরিক্ত কোনো অ্যাপ ইনস্টল করতে হবে না বা আলাদা নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রয়োজনও পড়বে না। তবে ল্যাপটপের দাম বা বাজারে আসার সময় সম্পর্কে গুগল কিছু জানায়নি।
অ্যান্ড্রয়েড অটো-সমর্থিত গাড়ির ডিসপ্লেতে আবহাওয়া দেখা, গ্যারেজের দরজা খোলা বা দ্রুত ব্যবহারের জন্য কাস্টম উইজেট যুক্ত করার ঘোষণা দিয়েছে গুগল। এছাড়া গুগল ম্যাপসে উন্নত থ্রি–ডি ডিসপ্লে সিস্টেম যুক্ত হয়েছে, যা চালককে নির্দিষ্ট লেন শনাক্ত করতে সাহায্য করবে। ইউটিউবের ফুল এইচডি (৬০ ফ্রেম প্রতি সেকেন্ড) ভিডিওও দেখা যাবে। তবে এসব ভিডিও শুধু গাড়ি পার্ক করা অবস্থায় দেখা সম্ভব, গাড়ি চলতে শুরু করলে ভিডিও স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে শুধু অডিও শোনা যাবে। অ্যান্ড্রয়েড অটোতে জেমিনির সাহায্যে খাবারের অর্ডার দেওয়া এবং বার্তার প্রেক্ষাপট বুঝে প্রয়োজনীয় তথ্য দেখানোসহ বিভিন্ন কাজ আরও সহজ হয়েছে।
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ‘জেমিনি ইন্টেলিজেন্স’ নামে নতুন সুবিধা চালু করা হবে বলে জানিয়েছে গুগল। এতে একই বাক্যে ভাষা পরিবর্তন হলেও জেমিনি তা বুঝতে পারবে। ফলে জেমিনির সঙ্গে বর্তমানের চেয়ে আরও স্বাভাবিকভাবে কথা বলা সম্ভব হবে। প্রথমে এটি স্যামসাংয়ের নতুন মডেলের গ্যালাক্সি ও পিক্সেল স্মার্টফোনে যুক্ত হবে। পরে ধাপে ধাপে গাড়ি, স্মার্ট ঘড়ি, ল্যাপটপ ও স্মার্ট চশমায়ও এই সুবিধা পাওয়া যাবে।
অ্যান্ড্রয়েডে ‘পজ পয়েন্ট’ নামে নতুন সুবিধা যুক্ত হবে বলে জানিয়েছে গুগল। এটি ফোনের অ্যাপ ব্যবহারের ধরন বুঝে যেসব অ্যাপ বেশি সময় নষ্ট করে, সেগুলো চালুর আগে ১০ সেকেন্ড অপেক্ষা করতে বাধ্য করবে। এতে অতিরিক্ত সময় অ্যাপে নষ্টের প্রবণতা কমবে।
পিক্সেল ফোনে ‘স্ক্রিন রিঅ্যাকশনস’ নামে নতুন সুবিধা যুক্ত হবে বলে জানিয়েছে গুগল। এর মাধ্যমে ব্যবহারকারীর মুখের অভিব্যক্তি এবং ফোনের স্ক্রিনের দৃশ্য—দুটোই একসঙ্গে ধরা যাবে। ফলে কনটেন্ট নির্মাতাদের আলাদা ভিডিও সম্পাদনার ঝক্কি অনেক কমবে।
গুগল ক্রোমের অ্যান্ড্রয়েড সংস্করণেও জেমিনিভিত্তিক নতুন সুবিধা যুক্ত হবে। এর মধ্যে ‘ন্যানো বানানা’ সমর্থন রয়েছে, যা ব্রাউজার থেকেই ছবি তৈরি করতে সাহায্য করবে। এছাড়া ওয়েবপেজের উপরের ডানদিকে জেমিনি আইকনে ক্লিক করে পুরো পৃষ্ঠার সারসংক্ষেপ দেখা যাবে। এতে কোনো নিবন্ধ বা বার্তাকে সহজেই আকর্ষণীয় তথ্যচিত্রে রূপান্তর করা সম্ভব হবে।
সূত্র: ম্যাশেবল






