দেশে নারী উদ্যোক্তাদের সংখ্যা ক্রমাগত বাড়ছে। কিন্তু ব্যবসা শুরু বা বড় করতে মূলধনের অভাব বড় বাধা হয়ে দাঁড়ায়। অনেকে ঘরে বসে অনলাইনে পোশাক, হস্তশিল্প, খাবার বা প্রসাধনীর ব্যবসা করছেন, আবার কেউ ছোট কারখানা, বুটিক বা কৃষিভিত্তিক উদ্যোগ গড়ে তুলছেন।
ব্যবসা সম্প্রসারণে নতুন যন্ত্রপাতি, কাঁচামাল, জায়গা, কর্মী নিয়োগ ও বিপণনের খরচ লাগে। মূলধনের অভাবে জামানত দিয়ে ঋণ পাওয়া কঠিন হয়। ফলে অনেক সম্ভাবনাময় উদ্যোগ মাঝপথে অচল হয়ে পড়ে। ব্যাংকিং প্রক্রিয়া না জানার কারণেও অনেকে ঋণ নিতে চান না।
এসএমই খাতের নারী উদ্যোক্তাদের জন্য দেশের ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ঋণ দিচ্ছে। এর নাম আইডিএলসি এসএমই পূর্ণতা। একজন নারী উদ্যোক্তা সর্বোচ্চ পাঁচ কোটি টাকা ঋণ নিতে পারবেন, যার মধ্যে ৩৫ লাখ টাকা পর্যন্ত কোনো জামানত ছাড়াই পাওয়া যাবে।
ঋণের পাশাপাশি আইডিএলসি ব্যবসার নিবন্ধন (ট্রেড লাইসেন্স), কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) সনদ, পরিবেশগত ছাড়পত্রসহ অন্যান্য অনুমোদনে সহায়তা করে। বিভিন্ন প্রশিক্ষণ ও মেলার মাধ্যমে ব্যবসা বাড়াতে সাহায্য করে।
নারী উদ্যোক্তাদের জন্য ২০১৫ সাল থেকে এই সেবা চালু। এসএমই পূর্ণতায় এক থেকে পাঁচ বছরের মধ্যে ঋণ পরিশোধ করা যায়।
কত টাকা ঋণ পাওয়া যাবে
এসএমই পূর্ণতায় ঋণ পরিশোধের মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর। একজন নারী উদ্যোক্তা সর্বোচ্চ পাঁচ কোটি টাকা ঋণ নিতে পারবেন, যার মধ্যে ৩৫ লাখ টাকা পর্যন্ত জামানতমুক্ত। মাসিক সমান কিস্তিতে (ইএমআই) পরিশোধের সুবিধা আছে। আইডিএলসি জানিয়েছে, নগদপ্রবাহ বিবেচনায় কিস্তির সুবিধা রাখা হয়েছে। সাধারণ এসএমই ঋণের তুলনায় সুদের হার কম। বাংলাদেশ ব্যাংকের পুনঃ অর্থায়ন সেবায় ৫০ লাখ টাকা পর্যন্ত ৫ শতাংশ সুদে নেওয়া যায়।
আইডিএলসির এসএমই বিভাগের প্রধান আদনান রশীদ মুক্তকণ্ঠকে বলেন, “এই সেবার আওতায় ২০২৫ সাল পর্যন্ত প্রায় সাড়ে সাত হাজার নারী উদ্যোক্তাকে সহায়তা দেওয়া হয়। সব মিলিয়ে এই সেবায় ৪ হাজার ২১৪ কোটি টাকা ঋণ দেওয়া হয়।”
অন্য সেবাও নিতে পারবেন
ঋণ ছাড়াও ব্যবসা সম্প্রসারণে বিজনেস ফ্যাসিলিটেশন সার্ভিস দেয় আইডিএলসি পূর্ণতা। এতে ট্রেড লাইসেন্স, টিআইএন সনদ, পরিবেশগত ছাড়পত্র, বিএসটিআই সনদ, ফায়ার সার্ভিস ক্লিয়ারেন্সসহ অনুমোদন পেতে সহায়তা হয়।
পূর্ণতা হেল্পলাইনে ঋণ, হিসাবরক্ষণ, আমানত, ব্যাংকিং নিয়ম ও প্রশিক্ষণ নিয়ে পরামর্শ পাওয়া যায়। প্রশিক্ষণে রয়েছে বুক কিপিং, কার্যকর মূলধন ব্যবস্থাপনা, বিপণন, মানবসম্পদ ব্যবস্থাপনা, উৎপাদন ব্যবস্থাপনা, পণ্যের মান নিয়ন্ত্রণ ও উন্নয়ন। কারিগরি প্রশিক্ষণে বুটিক, সেলাই, বিউটি পারলার, হস্তশিল্প।
ডিজিটাল বিপণনে ফেসবুক, টুইটার, ই-মেইল মার্কেটিংয়ের পরামর্শ দেয়। পূর্ণতা ক্লাবে উদ্যোক্তারা অভিজ্ঞতা বিনিময় করেন। ২০২৪ সাল পর্যন্ত এক হাজারের বেশি নারীকে প্রশিক্ষণ দিয়েছে আইডিএলসি।
আদনান রশীদ আরও বলেন, “প্রতিটি আইডিএলসি এসএমই শাখায় বিজনেস ফ্যাসিলিটেশন হেল্প ডেস্ক রয়েছে। এখান থেকে ট্রেড লাইসেন্স, টিআইএনসহ বিভিন্ন সনদ পেতে সহায়তা পাওয়া যায়। এ ছাড়া ডিজিটাল বিপণনের সব ধরনের প্রশিক্ষণ ও সেবা পাওয়া যাবে।”
কী কী লাগে
ঋণ আবেদনে হালনাগাদ ট্রেড লাইসেন্স, জাতীয় পরিচয়পত্র, টিআইএন সনদ, কর প্রদানের সনদ জমা দিতে হয়। গত ১২ মাসের বিক্রির প্রতিবেদন, ভাড়ার রসিদ, ব্যাংক হিসাবের বিবরণী লাগে। প্রয়োজনে অতিরিক্ত তথ্য চাওয়া যেতে পারে।
আদনান রশীদ বলেন, বাংলাদেশ ব্যাংকের পুনঃ অর্থায়ন প্রকল্পে সুদের হার কোনো ক্ষেত্রে ৭ শতাংশ পর্যন্ত নামতে পারে। আবেদনের বিপরীতে দুই সপ্তাহের মধ্যে ঋণ প্রক্রিয়াকরণ হয়, যা ব্যাংকের তুলনায় অনেক কম।






