যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে দুটি মানবাকৃত রোবটের লড়াইয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘুষি, কিক আর দক্ষতার সঙ্গে আক্রমণ প্রতিহত—দৃশ্যগুলো যেন সোজা কোনো বিজ্ঞান কল্পকাহিনির সিনেমা থেকে নেওয়া।
ভার্চুয়াল রিয়েলিটি উদ্ভাবক ‘সিক্স লিভ’ এই লড়াইয়ের ভিডিও এক্সে (সাবেক টুইটার) শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যায়, একটি ইঞ্জিনএআই ও একটি ইউনিট্রি রোবটের মধ্যে প্রথমবারের মতো প্রকাশ্য লড়াইয়ের আয়োজন করা হয়েছে।
বক্সিং রিংয়ের মতো চারপাশে ঘেরা একটি স্থানে দুটি রোবট একে অপরকে ঘুষি মারছে, কিক কষাচ্ছে এবং যোদ্ধাদের মতো আক্রমণ সামলাচ্ছে। এ সময় একজন ব্যক্তি রেফারির ভূমিকা পালন করছেন।
ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বলছেন, এটি দেখতে অনেকটা রিয়েল স্টিল সিনেমার মতো। কেউ কৌতুক করে লিখেছেন, ৩০০ বার ঘুষি মারার পর হয়তো একটা গায়ে লাগছে, আর তাতেই রোবট দুটো একে অপরকে ধ্বংস করে দিচ্ছে। অনেকে ভিন্নমতও প্রকাশ করেছেন। একজন মন্তব্যকারী লিখেছেন, যুদ্ধ নয়, রোবটদের বরং ঘর পরিষ্কার করা কিংবা থালাবাসন ধোয়ার প্রশিক্ষণ দেওয়া উচিত।
লড়াইয়ে অংশ নেওয়া ইউনিট্রি জি-১ চীনের অন্যতম দ্রুতগতিসম্পন্ন হিউম্যানয়েড প্রযুক্তির রোবট। কনভারসেশনাল এআই–সমৃদ্ধ এই রোবটের দাম প্রায় ১৬ হাজার ডলার। অন্যদিকে, ইঞ্জিনএআই-এর টি-৮০০ মডেলটি এ বছরের ‘সিইএস ২০২৬’ মেলায় প্রথমবার সবার নজরে আসে। ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতা ও ৭৫ কেজি ওজনের এই রোবট তার স্থিতিশীলতার জন্য পরিচিত। এর দাম ধরা হয়েছে প্রায় ২৫ হাজার ডলার।
বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের শখের রোবট লড়াই ভবিষ্যতে একটি বড় ক্রীড়া শিল্প হিসেবে আত্মপ্রকাশ করতে পারে।






