ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা ‘রকস্টার’ সিনেমার প্রথম গান ‘পিরিতি’ সন্ধ্যা সাতটায় প্রকাশিত হয়েছে। কারাগারের পরিবেশে চিত্রায়িত এই গানে শাকিব খানকে বিধ্বস্ত অবস্থায় দেখা গেছে। তবে জেলে যাওয়ার কারণ এখনও গোপন রাখা হয়েছে।

গানটি প্রকাশের সময় ক্যাপশনে বলা হয়েছে, ‘প্রেম আর বিরহের গভীর অনুভূতিতে মোড়া থাক ভালবাসার গল্পেরা…।’ হাসান রোবায়েত লিখেছেন গানের কথা, আহমেদ হাসান সানি সুর করেছেন এবং জাহিদ নিরব সংগীত পরিচালনা করেছেন। গানটিতে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাইও।

গত ৫ মে প্রকাশিত প্রথম টিজারে শাকিব খানের ভিন্ন লুক দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করে, যা দেশ–বিদেশের বিভিন্ন প্ল্যাটফর্মে ট্রেন্ডিংয়ে ওঠে। সিনেমাটিতে শাকিব খান কোনো গ্যাংস্টার বা অ্যাকশন হিরো নয়, বরং একজন পেশাদার সংগীতশিল্পীর চরিত্রে অভিনয় করবেন। চরিত্রের প্রয়োজনে তিনি ওজন কমিয়েছেন এবং নিজের লুকেও বড় পরিবর্তন এনেছেন।

অঞ্জন চৌধুরী নিবেদিত সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ছবিটির চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি। সংলাপ লিখেছেন আয়মান আসিব ও সামিউল ভূঁইয়া। সিনেমাটির বেশিরভাগ গানের কথা ও সুর করেছেন আহমেদ হাসান সানি, যিনি কণ্ঠও দিয়েছেন। এ ছাড়া রাজীব হাসান, হাসান রোবায়েত ও অংকনের লেখা গান রয়েছে। সকল গানের সংগীত পরিচালনায় আছেন জাহিদ নিরব।

আজমান রুশোর গল্পে নির্মিত এই ছবিতে একজন সংগীতশিল্পীর জীবনসংগ্রাম, উত্থান–পতন ও বাস্তব অভিজ্ঞতার নানা দিক তুলে ধরা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। আজমান রুশো জানান, নির্মাণে আসার আগে তিনি নিজেও সংগীতের সঙ্গে যুক্ত ছিলেন। নিজের জীবন ও বাস্তব জীবনের রকস্টারদের নানা অভিজ্ঞতার মিশেলে তিনি এই গল্প তৈরি করেছেন।

‘রকস্টার’-এর এক্সক্লুসিভ স্ট্রিমিং পার্টনার চরকি। সিনেমাটির অফিশিয়াল মিউজিক পার্টনার হয়েছে এসভিএফ আলফা–আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। ‘রকস্টার’ সিনেমার সব গান প্রকাশ হবে এসভিএফ মিউজিক, চরকি ও বিলিং মিউজিকের অফিশিয়াল চ্যানেলে।