গুগল স্মার্টফোনে জিমেইল ব্যবহার আরও সহজ করতে ‘এআই ইনবক্স’ সুবিধা চালু করেছে। অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মের জিমেইল অ্যাপে যুক্ত এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নিজেদের বিভিন্ন কাজ সহজে ব্যবস্থাপনা করতে পারবেন। গুগল এআই আলট্রা ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে এই সুবিধা চালু করা হয়েছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটু ফাইভ গুগলের এক প্রতিবেদনে বলা হয়েছে, জিমেইলের নিচের নেভিগেশন বারে ‘মেইল’, ‘চ্যাট’ ও ‘মিট’ অপশনের পাশাপাশি নতুন এআই ইনবক্স দেখা যাবে। এটি খুললে প্রথমেই করণীয় কাজের তালিকা এবং গুরুত্বপূর্ণ আলোচনার সংক্ষিপ্ত তথ্য ভেসে উঠবে, যা দ্রুত গুরুত্বপূর্ণ তথ্য জানতে সাহায্য করবে। সাধারণ ইনবক্সে ইমেইলের তালিকা ধারাবাহিকভাবে দেখা যায়, কিন্তু এআই ইনবক্সে করণীয় কাজ, জরুরি হালনাগাদ এবং আলোচনার সারসংক্ষেপের ওপর জোর দেওয়া হয়েছে। ফলে অপ্রয়োজনীয় ইমেইল দেখার সময় কমবে এবং গুরুত্বপূর্ণ কাজ দ্রুত সম্পন্ন করা সহজ হবে।
এআই ইনবক্সের ‘সাজেস্টেড টু-ডু’ ফিচার ইমেইল বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে করণীয় তালিকায় দেখাবে, তাই আলাদা নোট রাখার দরকার নেই। এছাড়া ‘টপিকস টু ক্যাচ আপ অন’ সুবিধায় বিভিন্ন ইমেইল থ্রেড ও আলোচনার মূল বিষয় সংক্ষেপে জানা যাবে, যাতে দীর্ঘ কথোপকথন না পড়েও দ্রুত হালনাগাদ তথ্য পাওয়া যায়। গুগলের তথ্যমতে, এআই ইনবক্স দৈনন্দিন কাজের গতি বাড়ানোর জন্য তৈরি। এর মাধ্যমে গ্রাহকের প্রশ্নের দ্রুত উত্তর দেওয়া, প্রকল্পের অগ্রগতি তুলে ধরা, সহকর্মীদের সঙ্গে ফাইল শেয়ার এবং প্রস্তাবনার খসড়া তৈরি সহজ হয়ে যাবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া






