চলতি বছরের জানুয়ারি-মার্চ সময়ে আইপিডিসি ফাইন্যান্সের মুনাফা প্রায় ৩ কোটি টাকা বা ৭৯ শতাংশ বেড়েছে। এই সময়কালে প্রতিষ্ঠানটির মুনাফা দাঁড়িয়েছে ৬ কোটি ৫২ লাখ টাকায়।
গত বছরের একই সময়ে আইপিডিসির মুনাফা ছিল ৩ কোটি ৬৫ লাখ টাকা। গত রোববার পরিচালনা পর্ষদের সভায় চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়।
আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জানুয়ারি-মার্চে কোম্পানিটি ঋণের সুদ থেকে ২৪৩ কোটি টাকা আয় করেছে। গত বছরের একই সময়ে এই আয় ছিল ২২৯ কোটি টাকা। ফলে ঋণের সুদ বাবদ আয় ১৪ কোটি টাকা বেড়েছে। তবে ঋণের সুদ থেকে আয় যতটা বেড়েছে, আমানতের সুদ ব্যয় ততটা বাড়েনি। এই সময়ে প্রতিষ্ঠানটির আমানতের সুদ বাবদ খরচ হয়েছে ১৮৪ কোটি টাকা, যা গত বছর ছিল ১৮১ কোটি টাকা।
সুদের আয় যতটা বেড়েছে, মুনাফা ততটা বাড়েনি। কারণ ঋণের সঞ্চিতি বাবদ খরচ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের প্রথম তিন মাসে আইপিডিসিকে নিরাপত্তা সঞ্চিতি হিসেবে ৪৭ কোটি টাকা রাখতে হয়েছে। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ২১ কোটি টাকা।






