তারকারা প্রায়ই অদ্ভুত নকশা ও উপকরণের পোশাক পরে লালগালিচায় নজর কাড়েন। সম্প্রতি আফ্রিকা ম্যাজিক ভিউয়ার্স চয়েস অ্যাওয়ার্ডস (এএমভিসিএ) অনুষ্ঠানে নাইজেরিয়ার রিয়েলিটি টিভি তারকা কুইন মার্সি আটাং এমনই একটি অসাধারণ পোশাক পরে উপস্থিত হয়েছিলেন।

এ বছর নাইজেরিয়ার লাগোসে অনুষ্ঠিত হয়েছে এএমভিসিএর দ্বাদশ আসর। এই আয়োজনকে আফ্রিকার চলচ্চিত্র, টেলিভিশন ও ফ্যাশন জগতের সবচেয়ে বড় অনুষ্ঠান হিসেবে বর্ণনা করা হয়।

অনুষ্ঠানের সন্ধ্যায় পাঁচশোর বেশি আস্ত পাউরুটি দিয়ে তৈরি পোশাক গায়ে নিয়ে লালগালিচায় হাজির হন কুইন মার্সি আটাং। এই অদ্ভুত পোশাক তাঁকে সবার দৃষ্টি আকর্ষণ করতে সাহায্য করে। তবে পোশাকের কারণে লালগালিচায় চলাফেরা করতে তাঁকে বেশ কষ্ট হয়েছে, হাঁটতে হিমশিম খাচ্ছিলেন। কয়েকজন সহকারী তাঁকে হাঁটতে সাহায্য করেছেন।

বিবিসিকে আটাং বলেন, নিজের বেকারি ব্যবসার প্রচারের জন্যই তিনি পাউরুটির পোশাকটি পরেছেন। তিনি জোর দিয়ে বলেন, এটি মানুষকে চমকে দেওয়ার জন্য নয়, বরং সুপরিকল্পিত বিপণন কৌশল।

আটাং বলেন, ‘আমার ব্যবসার প্রচারের জন্য এএমভিসিএর চেয়ে ভালো জায়গা আর কী হতে পারে?’

আটাংয়ের পোশাকের নকশা করেছেন জনপ্রিয় পোশাক ডিজাইনার টয়িন লওয়ান। ইনস্টাগ্রামে আটাংয়ের ছবির নিচে তিনি মন্তব্য করেন, তিনি (আটাং) নিজের ব্যবসা নিজের পোশাকে ধারণ করার ট্রেন্ড চালু করেছেন।

সেই রাতে আটাংয়ের পোশাক সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। অনেক ভক্ত সেখানে পোশাকটির প্রশংসা করে এটিকে ‘নিজের ব্যবসাকে মাথায় বহন করার প্রকৃত উদাহরণ’ বলে বর্ণনা করেছেন।

তবে সবাই মুগ্ধ হয়নি। কেউ কেউ বলেছেন, এই পোশাকের মাধ্যমে খাবার অপচয়ের বিষয়টি প্রদর্শন করা হচ্ছে। আটাং ভক্তদের এই অভিযোগ অস্বীকার করেছেন।