মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের যুদ্ধবিরতি প্রস্তাবের জবাব প্রত্যাখ্যান করেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ফলে দুই দেশের মধ্যে চলমান যুদ্ধবিরতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, তেহরানের সঙ্গে ওয়াশিংটনের যুদ্ধবিরতি ‘লাইফ সাপোর্টে’ আছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র যুদ্ধবন্ধের প্রস্তাব দেয়, যাতে দুই পক্ষ রাজি হলে স্থায়ী শান্তি আসতো এবং আলোচনার মাধ্যমে চুক্তির দিকে এগোনো যেত। গত রোববার ইরান এই প্রস্তাবের জবাব দেয়। তাতে যুদ্ধের ক্ষতিপূরণ, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, আবার হামলা না করার প্রতিশ্রুতি এবং ইরানের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়াসহ বিভিন্ন দাবি তোলে তেহরান।

ইরানের জবাবের কয়েক ঘণ্টা পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, “আমার এটি পছন্দ হয়নি। এটি পুরোপুরি অগ্রহণযোগ্য।” গতকাল সোমবার তিনি আবার লেখেন, “আমি বলব, যুদ্ধবিরতি এখন বড় লাইফ সাপোর্টে আছে—যেন একজন চিকিৎসক এসে বলছেন, “জনাব, আপনার প্রিয়জনের বেঁচে থাকার সম্ভাবনা প্রায় ১ শতাংশ।”

সাংবাদিকদের কাছে হোয়াইট হাউসে ট্রাম্প ‘লাইফ সাপোর্ট’ নিয়ে এই বক্তব্য দেন। এরপর চুক্তি নিয়ে তিনি বলেন, “আমি মনে করি এটা খুবই সম্ভব। আমি তাদের (ইরান) সঙ্গে চার বা পাঁচবার চুক্তি করেছি। কিন্তু তারা পরে মত বদলে ফেলে।” তিনি যোগ করেন, ইরানের নেতারা সমৃদ্ধ করা ইউরেনিয়ামের সব মজুত সরিয়ে নিতে দিতে সম্মত হয়েছিলেন। কিন্তু পরে তাঁরা মত বদলান।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের উপর হামলায় যুদ্ধ শুরু হয়। প্রায় ছয় সপ্তাহ যুদ্ধের পর ৮ এপ্রিল থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি রয়েছে। যদিও ইসরায়েলি বাহিনী লেবাননের নৃশংসতা বন্ধ করেনি। গতকাল লেবাননের সরকার জানায়, আগের ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় দেশটিতে অন্তত ৫১ জন নিহত হয়েছেন।