আইফোনের ভার্চুয়াল সহকারী ‘সিরি’র সক্ষমতা নিয়ে বিজ্ঞাপনে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে অ্যাপল নির্দিষ্ট মডেলের ক্রেতাদের মোট ২৫ কোটি ডলার বা প্রায় ৩০৭৫ কোটি টাকা (প্রতি ডলারের বিনিময় মূল্য ১২৩ টাকা ধরে) ক্ষতিপূরণ দেবে। যুক্তরাষ্ট্রের আদালতে দায়ের এক মামলায় সিরির কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশিষ্ট্য নিয়ে ক্রেতাদের বিভ্রান্ত করার অভিযোগ উঠেছিল, এবং এর নিষ্পত্তির জন্য প্রতিষ্ঠানটি ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে।

ক্যালিফোর্নিয়ার নর্দার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল আদালতে মার্কিন ভোক্তারা দায়ের করা মামলায় বলা হয়েছে, অ্যাপলের বিজ্ঞাপনে ‘সিরি’র একাধিক সক্ষমতা দেখানো হলেও সেগুলোর বাস্তবে অস্তিত্ব ছিল না। ফলে ক্রেতারা মিথ্যা প্রচারের ভিত্তিতে আইফোন কিনতে প্রলুব্ধ হয়েছেন।

এই ক্ষতিপূরণ পাওয়া যাবে ২০২৪ সালের ১০ জুন থেকে গত বছরের ২৯ মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স, আইফোন ১৬, আইফোন ১৬ই, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স কেনা ক্রেতাদের। আদালতের নথি অনুযায়ী, আনুমানিক ৩ কোটি ৭০ লাখ আইফোন ক্রেতা এর জন্য যোগ্য হবেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে দাবি করতে হবে ক্ষতিপূরণের জন্য, এবং অ্যাপলকে ৪৫ দিনের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

প্রসঙ্গত, অ্যাপলের নতুন এআইচালিত প্রযুক্তির প্রচারের অংশ হিসেবে গত বছরের সেপ্টেম্বর থেকে ‘মোর পারসোনাল সিরি’ শিরোনামে বিজ্ঞাপন চালানো হয়। এতে আইফোন ১৬ দেখানো হয় এবং সিরির এমন উন্নত বৈশিষ্ট্য তুলে ধরা হয়, যা তখনো চালু হয়নি। কয়েক মাস পর অ্যাপল স্বীকার করে যে, প্রতিশ্রুত আপডেট প্রযুক্তির সিরি প্রত্যাশা অনুযায়ী শিগগির চালু হবে না।

সূত্র: ডেইলি মেইল