হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট সম্প্রতি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। এই নতুন মায়ের প্রতি অভিনন্দন জানিয়ে ইরান ‘মিনাব’ স্কুলে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত শিশুদের কথা মনে করিয়ে দিয়েছে।
গত বৃহস্পতিবার লেভিট তাঁর দ্বিতীয় সন্তানের জন্মের খবর জানান। শিশুটির নাম রাখা হয়েছে ভিভিয়ান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে তিনি লিখেছেন, ‘১ মে, ভিভিয়ানা ওরফে ‘‘ভিভি’’ আমাদের পরিবারে যুক্ত হয়েছে, আর আমাদের হৃদয় মুহূর্তেই ভালোবাসায় পূর্ণ হয়ে উঠেছে।’
২৮ বছর বয়সী লেভিট হোয়াইট হাউসের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রেস সেক্রেটারি। পোস্টে তিনি একটি ছবিও শেয়ার করেছেন, যেখানে নার্সারিতে নবজাতক কন্যাকে বুকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন। গত ৭ মে ওই পোস্টে তিনি আরও লিখেছেন, ‘সে একদম স্বাভাবিক ও সুস্থ, আর তার বড় ভাই আনন্দের সঙ্গে ছোট বোনের সঙ্গে মানিয়ে নিচ্ছে। নবজাতককে নিয়ে আমরা আমাদের এই আনন্দময় সময়ের প্রতিটি মুহূর্ত উপভোগ করছি।’
আর্মেনিয়ায় ইরানের দূতাবাস লেভিটের এই এক্স পোস্ট রিটুইট করে তাঁকে শুভেচ্ছা জানায়। গতকাল দূতাবাসের পোস্টে বলা হয়, ‘আপনাকে অভিনন্দন। শিশুরা নিষ্পাপ ও ভালোবাসার যোগ্য। মিনাবের স্কুলে আপনার বস যে ১৬৮ শিশুকে হত্যা করেছেন এবং আপনি যেটা সমর্থন করেছিলেন, তারাও শিশুই ছিল। যখন আপনি আপনার শিশুকে চুমু দেবেন, তখন সেই শিশুদের মায়েদের কথা ভাববেন।’
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাষ্ট্রের হামলায় ৭৩ ছেলে ও ৪৭ মেয়েশিশু নিহত হয়। তারা সবাই ওই স্কুলের শিক্ষার্থী ছিল। সেদিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানজুড়ে হামলা চালিয়ে বোমাবর্ষণ করে।
এএফপির প্রতিবেদন অনুযায়ী, মিনাবের শাজারেহ তায়িবা স্কুলে ওই হামলায় শিক্ষার্থীদের পাশাপাশি ২৬ জন শিক্ষক, ৭ জন অভিভাবক, স্কুলের একটি বাসের চালক ও স্কুলের পাশের ক্লিনিকের একজন ফার্মেসি টেকনিশিয়ানও নিহত হন। পরে নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের একটি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র মিনাবের ওই বিদ্যালয়ে আঘাত হানে। প্রতিবেদনে মার্কিন সামরিক বাহিনীর প্রাথমিক তদন্তের বরাত দিয়ে আরও বলা হয়েছিল, লক্ষ্য নির্ধারণে ভুল করে ক্ষেপণাস্ত্রটি স্কুলে আঘাত হেনেছিল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরুতে দাবি করেছিলেন, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ওই স্কুলে আঘাত হেনেছে, যদিও তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি। আর ইরানের কাছে যুক্তরাষ্ট্রের তৈরি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র নেই।






