লেবার পার্টির পার্লামেন্ট সদস্য ক্যাথেরিন ওয়েস্ট যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নিতে মন্ত্রিসভার সদস্যদের আহ্বান জানিয়েছেন।

বিবিসিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ওয়েস্ট বলেছেন, আগামীকাল সোমবারের মধ্যে যদি মন্ত্রিসভার কোনো সদস্য স্টারমারের বিরুদ্ধে দলীয় নেতৃত্বের চ্যালেঞ্জ না ছোড়েন, তবে তিনি নিজেই নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরুর চেষ্টা করবেন। তিনি চান, মন্ত্রিসভার সদস্যরা সংগঠিত হয়ে নিজেরাই কিয়ার স্টারমারের জায়গায় দক্ষ কোনো নেতৃত্বকে বেছে নিক, যেন নেতৃত্ব বাছাইয়ের নির্বাচন এড়ানো যায়।

স্থানীয় সরকার নির্বাচনে লেবার পার্টির বিপর্যয়কর ফলাফলের পর স্টারমারের দলীয় নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। তবে স্টারমার স্পষ্ট করে বলে দিয়েছেন, তিনি পদত্যাগ করবেন না এবং আগামী সাধারণ নির্বাচনেও দলের নেতৃত্ব দেবেন বলে আশা করছেন।

ওয়েস্ট মন্ত্রিসভাকে সতর্ক করে বলেন, যদি সোমবারের মধ্যে কোনো সম্ভাব্য নেতৃত্বপ্রার্থী সামনে না আসেন, তবে তিনি লেবার এমপিদের কাছে নেতৃত্ব প্রতিযোগিতা শুরুর জন্য সমর্থন চাইবেন। স্টারমারকে সরিয়ে দেওয়ার উদ্যোগ শুরু করতে লেবার পার্টির অন্তত ২০ শতাংশ এমপির সমর্থন প্রয়োজন, অর্থাৎ ৮১ জন এমপি ওয়েস্টের উদ্যোগের পক্ষে দাঁড়াতে হবে।

ওয়েস্ট বলেছেন, দলীয় নেতৃত্বে বদল আনার লড়াইয়ে তাঁকে সমর্থন দিতে বর্তমানে ১০ জন এমপি প্রস্তুত আছেন। তবে তিনি ‘আত্মবিশ্বাসী’ যে আরও যথেষ্ট সংখ্যক এমপি এগিয়ে আসবেন। হর্নজি অ্যান্ড ফ্রায়ার্ন বার্নেট আসনের এই এমপি রেডিও ফোরের পিএম অনুষ্ঠানে বলেছেন, তিনি চান মন্ত্রিসভা নিজেদের ভেতর থেকেই কাউকে নেতৃত্বের জন্য বেছে নিক, কারণ সেখানে অনেক যোগ্য লোক আছেন।

ওয়েস্টের মতে, স্টারমারকে তাঁর পছন্দ অনুযায়ী অন্য কোনো দায়িত্ব দেওয়া যেতে পারে, যেমন আন্তর্জাতিক কোনো পদ। তবে মন্ত্রিপরিষদ দপ্তরের মন্ত্রী নিক টমাস সায়মন্ডস এ প্রস্তাবের ব্যাপারে সতর্ক করেছেন। তিনি বলেন, ‘যখন কোনো দল সরকারে থেকে বারবার নেতা পরিবর্তন করতে শুরু করে তখন কী হয়, তা গত ১০ বছরে আমরা দেখেছি। এতে শুধু অস্থিতিশীলতা তৈরি হয় এবং সরকারের কাজে ব্যাঘাত ঘটে।’

ওয়েস্ট নিজে লেবার পার্টির নেত্রী হওয়ার চেষ্টা করছেন না। তবে তাঁর এ অবস্থান অন্যদের দলীয় নেতৃত্বের জন্য প্রার্থী হতে উৎসাহিত করতে পারে। তাঁর পরিকল্পনা যদি ব্যর্থ হয় এবং লেবার এমপিরা কিয়ার স্টারমারের পক্ষে আরও দৃঢ়ভাবে দাঁড়ান, তাহলে তাঁর নেতৃত্ব আরও শক্তপোক্ত হয়ে যেতে পারে।