পদার্থবিজ্ঞান: সংক্ষিপ্ত উত্তর–প্রশ্ন
প্রশ্ন: কোন ক্ষেত্রে স্থিতি ঘর্ষণ উৎপন্ন হয়—ব্যাখ্যা করো।
উত্তর: দুটি তল একে অপরের সাপেক্ষে গতিশীল না হলে তাদের মধ্যে স্থিতি ঘর্ষণ কাজ করে। অর্থাৎ, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি তা বস্তুকে গতিশীল করতে না পারে, তাহলে স্থিতি ঘর্ষণ উৎপন্ন হয়। উদাহরণস্বরূপ, মেঝেতে রাখা একটি ভারী বস্তু টানলেও যদি তা না নড়ে, তাহলে যে ঘর্ষণ বল কাজ করে এবং গতি না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকে।
প্রশ্ন: জলবিদ্যুৎ উৎপাদনে যান্ত্রিক শক্তির রূপান্তর কীভাবে ঘটে—ব্যাখ্যা করো।
উত্তর: জলবিদ্যুৎ উৎপাদনের জন্য প্রাকৃতিক বা কৃত্রিম হ্রদের পানিতে সঞ্চিত বিভব শক্তি ব্যবহার করা হয়। এসব হ্রদ সাধারণত ভূসমতল থেকে অনেক উঁচুতে থাকে। হ্রদের পানি পাহাড়ের ঢাল বেয়ে নিচে নামলে এই বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়।
প্রশ্ন: এক অশ্বক্ষমতা বলতে কী বোঝায়?
উত্তর: অশ্বক্ষমতা হলো এফপিএস পদ্ধতিতে ক্ষমতার ব্যবহারিক একক। কোনো যন্ত্র বা ব্যক্তি যদি ৫৫০ পাউন্ড ওজনের বস্তুকে অভিকর্ষের বিপরীতে উল্লম্বভাবে ১ সেকেন্ডে ১ ফুট উঁচু করে, তাহলে তার ক্ষমতা ১ অশ্বক্ষমতা হয়। এটাকে সাধারণত HP (Horse Power) দিয়ে প্রকাশ করা হয়।
প্রশ্ন: বিভব শক্তি বস্তুর উচ্চতার ওপর নির্ভর করে—ব্যাখ্যা করো।
উত্তর: m ভরের কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে h উচ্চতায় তোলার জন্য যে কাজ করতে হয়, তাই বস্তুর সঞ্চিত বিভব শক্তির পরিমাণ।
আমরা জানি,
বিভব শক্তি = বস্তুর ওজন × উচ্চতা
সমীকরণ থেকে স্পষ্ট যে, উচ্চতা যত বেশি হবে, বিভব শক্তি তত বেশি। তাই বিভব শক্তি বস্তুর উচ্চতার উপর নির্ভরশীল।
এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা






