সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল–শারা সরকারে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রদবদল ঘোষণা করেছেন।
গভীর রাতে একাধিক প্রেসিডেন্সিয়াল ডিক্রি জারির মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিরিয়ান আরব নিউজ এজেন্সি (সানা) এ তথ্য প্রকাশ করেছে।
নতুন তথ্যমন্ত্রী হিসেবে খালেদ জাররুরকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি হামজা মুস্তফার স্থলাভিষিক্ত। হামজাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বভার হস্তান্তর করা হয়েছে।
কৃষিমন্ত্রী পদে নিয়োগ পেয়েছেন বাসেল সুইদান। তিনি বাশার আল–আসাদ আমলের প্রভাবশালী ব্যবসায়ীদের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর দায়িত্বে থাকা কমিটির প্রধান।
এছাড়া হোমস, আল-কুনেইত্রা ও দেইর এজজোর প্রদেশের গভর্নরদের পরিবর্তন করেছেন আল–শারা। পূর্বাঞ্চলীয় দেইর এজজোর প্রদেশে সিরিয়ার বেশিরভাগ তেলক্ষেত্র অবস্থিত।
সাবেক প্রেসিডেন্ট বাশার আল–আসাদ ক্ষমতাচ্যুতির পর গঠিত অন্তর্বর্তী সরকারে এটি প্রথম রদবদল। সিরিয়ার সাংবিধানিক ঘোষণা অনুসারে এই সরকারের মেয়াদ নির্ধারিত পাঁচ বছর। অন্তর্বর্তী সরকার গঠনের প্রায় দেড় বছর পর এ রদবদল এসেছে।
সরকারে রদবদলের কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে সাম্প্রতিক মাসগুলোতে সিরিয়ার খারাপ অর্থনৈতিক অবস্থা ও সরকারের দুর্বল ব্যবস্থাপনার অভিযোগে বিক্ষোভের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা বেড়েছে।
আল–শারা প্রেসিডেন্সির জন্য নতুন মহাসচিবও নিয়োগ দিয়েছেন। এর আগে এ পদে তাঁর এক ভাই দায়িত্ব পালন করেছিলেন। বিরোধীরা এ নিয়ে সমালোচনা করে বলে, প্রশাসন যোগ্যতার বদলে স্বজনপ্রীতিকে গুরুত্ব দিচ্ছে।






