যুদ্ধবিরতি কার্যকর হলেও লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা থামেনি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল শনিবার দেশের বিভিন্ন স্থানে ইসরায়েলের একাধিক জোরালো হামলায় শিশুসহ মোট ৩৯ জন নিহত হয়েছেন।
মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, দক্ষিণাঞ্চলের সাকসাকিয়েহ শহরে ইসরায়েলি হামলায় গতকাল সাতজন নিহতের ঘটনা ঘটে। এর মধ্যে একটি শিশুও ছিল। হামলায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন, যাদের মধ্যে তিনটি শিশু রয়েছে।
ইসরায়েলের সামরিক বাহিনী হামলার কথা স্বীকার করেছে। তবে তারা জানিয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালানো হয়েছে। ‘জড়িত নন, এমন বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতির বিষয়ে প্রাপ্ত প্রতিবেদন’ নিয়ে তারা অবগত আছে।
ইসরায়েল সরকার ও হিজবুল্লাহর মধ্যে গত ১৬ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর। দুই পক্ষের হয়ে এই যুদ্ধবিরতি ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির মধ্যেও দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে একাধিকবার অস্ত্র তুলেছে।
প্রধানত লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালাচ্ছে। দেশটির দাবি, ইরান-সমর্থিত হিজবুল্লাহ সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তি ও স্থাপনায় হামলা হচ্ছে। গতকাল লেবাননের রাষ্ট্রনিয়ন্ত্রিত জাতীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, সাকসাকিয়েহ শহরসহ দক্ষিণাঞ্চলজুড়ে ইসরায়েলিরা জোরালো হামলা চালিয়েছে।
যুদ্ধবিরতির পর বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে প্রথম ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি করা হয়। আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) জানিয়েছে, ওই এলাকায় সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত একটি স্থাপনার ভেতর থেকে কার্যক্রম চালানো হিজবুল্লাহর যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। ঘটনাটির বিস্তারিত পর্যালোচনা করা হচ্ছে, জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।
লেবাননের নাবাতিয়েহ এলাকার সড়কে একটি মোটরসাইকেলের ওপর ইসরায়েলি বাহিনীর হামলার খবর পেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে একজন সিরীয় নাগরিক ও তাঁর ১২ বছরের মেয়ে আহত হয়েছে।
যুদ্ধবিরতির মধ্যে লেবাননে ইসরায়েলের হামলায় সাংবাদিকসহ ৫ জন নিহত। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত সপ্তাহে লেবাননজুড়ে ইসরায়েলের একের পর এক হামলায় নারী, শিশুসহ ১২০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। তবে মন্ত্রণালয় নিহত যোদ্ধা (হিজবুল্লাহ) ও বেসামরিক মানুষের সংখ্যা আলাদা করে জানায়নি।
এদিকে হিজবুল্লাহ গতকাল ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি ড্রোন হামলা চালিয়েছে। এতে তিনজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।






