ভারতের তামিলনাডুতে অভিনেতা থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে) সরকার গঠনের পথে চূড়ান্ত বাধা অতিক্রম করেছে। স্থানীয় দল বিদুথালাই চিরুথাইগাল কাচ্চির (ভিসিকে) এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) আনুষ্ঠানিক সমর্থন জানিয়ে এই সম্ভাবনা তৈরি করেছে।

এই দুই দলের দুটি করে চারটি আসন টিভিকের ভোটভান্ডারে যুক্ত হয়েছে। ফলে তাদের মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ১২০টি। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ছিল ১১৮টি আসন।

প্রয়োজনীয় আসন নিশ্চিত হওয়ায় টিভিকে সদর দপ্তরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। সম্ভাব্য মুখ্যমন্ত্রী থালাপতি সমর্থকদের প্রতি বলেন, ‘উল্লাস শুরু করো।’

ভিসিকের সমর্থনপত্রে উল্লেখ করা হয়েছে, তামিলনাড়ুতে স্থিতিশীল ও গণতান্ত্রিক সরকার নিশ্চিত করতে থালাপতি বিজয়কে সমর্থন দেওয়া হয়েছে। দলটির বিধানসভা দলনেতা ভান্নি আরাসু স্বাক্ষরিত এই চিঠি রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারের কাছে পাঠানো হয়েছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার থালাপতি বিজয় নিজ দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে চেন্নাইয়ের লোকভবনে যান। সেখানে তিনি ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই) এবং ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) বা সিপিআই(এম)-এর সমর্থনপত্র জমা দেন।

নিয়মানুযায়ী, থালাপতি বিজয় সব সমর্থনপত্র রাজ্যপালের কাছে জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি করবেন। এরপর রাজ্যপাল তাঁকে আমন্ত্রণ জানাবেন।

রাজ্যপালের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আজ শনিবার থালাপতি রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারের সঙ্গে বৈঠক করেছেন।

গত সোমবার তামিলনাডু বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে সর্বোচ্চ আসন পেয়েছে থালাপতি বিজয়ের টিভিকে, যা ১০৮টি। এর মধ্যে বিজয় নিজে দুটি আসনে লড়েছিলেন, ফলে দলের মোট বিধায়ক ১০৭। কিন্তু ২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য দরকার ১১৮টি।

শুক্রবার পর্যন্ত টিভিকের সমর্থন ছিল কার্যত ১১৬-এ আটকে। আজ শনিবার সকালে ভিসিকের আনুষ্ঠানিক সমর্থন নিশ্চিত হয়। এতে দক্ষিণ ভারতের এই রাজ্যে প্রথমবারের মতো জোট সরকার গঠনের পথ প্রশস্ত হয়েছে।