চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) প্রাঙ্গণে গতকাল শুক্রবার ‘তৃতীয় বাংলাদেশ এআই অলিম্পিয়াড ২০২৬’–এর চট্টগ্রাম আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় চট্টগ্রাম ও পার্শ্ববর্তী জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। দিনভর চলা এই আয়োজনে প্রোগ্রামিং, গাণিতিক যুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নানা চ্যালেঞ্জ প্রধান আকর্ষণ হয়ে ওঠে।

গতকাল সকাল আটটায় নিবন্ধনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর শিক্ষার্থীরা ‘এআই কুইজ’ ও ‘এআই কোডিং চ্যালেঞ্জ’ শ্রেণিতে বিভক্ত হয়ে তাদের দক্ষতা প্রদর্শন করে। প্রতিযোগিতা পরিদর্শন করেন সিআইইউর স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক আসিফ ইকবাল। তাছাড়া, কুইজে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য এআই ও মেশিন লার্নিং বিষয়ে একটি কর্মশালা আয়োজন করেন চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী আবদুল্লাহ আল নাঈম ও সামাহ বিনত ফিরোজ।

বেলা ১১টা ৩০ মিনিটে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এআই কুইজ শ্রেণিতে ১০ জন এবং এআই কোডিং চ্যালেঞ্জে ৬ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। কোডিং চ্যালেঞ্জে বিজয়ীরা হলেন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের আকীদ ইকবাল হক, আরিয়ান আবরার চৌধুরী ও তনুশ্রী সাহা, বাংলাদেশ এলিমেন্টারি স্কুলের তাসদীদ আহমেদ চৌধুরী, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের সায়ান আহমেদ খান ও সরকারি হাজী আসমত কলেজের মো. ইমতিয়াজ হোসেন।

কুইজ শ্রেণিতে বিজয়ীরা হলেন ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের সুপ্রতীক নাথ, মোস্তানির চৌধুরী, সাদ ইবনে হোসেন, ইব্রাহিম বিন হোসেন, সৈয়দ মোহাম্মদ রাফান ও আফনান এনাম, সিএমপি স্কুল অ্যান্ড কলেজের জুহাইর ফেরদৌস হাসান, বাংলাদেশ এলিমেন্টারি স্কুলের তওয়াসিন মোস্তফা ও চিটাগং গ্রামার স্কুলের তাইসির ইসলাম।

সমাপনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইইউর রেজিস্ট্রার আনজুমান বানু। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক আসিফ ইকবাল ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান রুবেল সেন গুপ্ত। অতিথিরা বিজয়ীদের পদক ও সনদ প্রদান করেন এবং প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে এআইয়ে দক্ষতা অর্জনের আহ্বান জানান।

একই দিনে রাজশাহী ও খুলনা অঞ্চলের শিক্ষার্থীদের জন্য অনলাইনে ‘ই–অলিম্পিয়াড’ অনুষ্ঠিত হয়, যার ফলাফল শীঘ্রই অলিম্পিয়াডের ওয়েবসাইটে (bdaio.org) প্রকাশিত হবে। আঞ্চলিক পর্বের বিজয়ীরা ১৬ মে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় এআই অলিম্পিয়াডে অংশ নেবে।

এবারের আয়োজনে প্ল্যাটিনাম স্পনসর বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, পাওয়ার্ড বাই পার্টনার রিভ চ্যাট, গোল্ড স্পনসর ব্রেইন স্টেশন ২৩, সিলভার স্পনসর মিলিয়ন এক্স বাংলাদেশ ও ক্রিয়েটিভ আইটি, ব্রোঞ্জ স্পনসর বিটনা। নলেজ পার্টনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট (আইআইটি), টিভি পার্টনার দীপ্ত টিভি, পার্টনার বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি), রকমারি ডটকম ও জাদু পিসি এবং ম্যাগাজিন পার্টনার মাসিক কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা।