পুঁজিবাজারে কোরিয়ান বিনিয়োগ বাড়ানো এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক মজবুত করতে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট (পিবিআইএল) ও কোরিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কেবিসিসিআই) যৌথভাবে কাজ শুরু করছে।
এই লক্ষ্যে সম্প্রতি দুই পক্ষ একটি কৌশলগত অংশীদারত্বের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। ৩ মে রাজধানীর গুলশানে কেবিসিসিআই কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কেবিসিসিআই-এর সভাপতি শাহাব উদ্দীন খান, মহাসচিব মিলিয়ন পার্ক এবং পরিচালক চৈতন্য কুমার দে উপস্থিত ছিলেন। প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ এম ওমর তায়ুব অংশ নিয়েছেন। এছাড়া উভয় পক্ষের উচ্চপদস্থ কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই অংশীদারত্বের মূল উদ্দেশ্য বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগকারীদের থেকে বিনিয়োগ আকর্ষণ করা এবং পুঁজিবাজারে তাদের প্রবেশ সহজতর করা। তাছাড়া কোরিয়ায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ আর্থিক সেবা প্রদানও চুক্তির গুরুত্বপূর্ণ অংশ।
চুক্তি অনুসারে, পিবিআইএল কেবিসিসিআই সদস্যদের জন্য বিভিন্ন সেবা দেবে। এর মধ্যে রয়েছে মূলধন সংগ্রহ ও ব্যবসায়িক পরামর্শ; দক্ষ পোর্টফোলিও ব্যবস্থাপনার মাধ্যমে বিনিয়োগ তদারকি এবং বিশেষ সুবিধার ভিত্তিতে ডিসক্রিশনারি সেবা (বিশেষজ্ঞ ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া ও পরিচালনা)।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের এমডি ও সিইও সৈয়দ এম ওমর তায়ুব বলেন, ‘এই সহযোগিতা কৌশলগত বিনিয়োগ সহজ করতে আমাদের দেওয়া প্রতিশ্রুতির প্রতিফলন। আমরা বিশ্বাস করি, এর মাধ্যমে কোরিয়া-বাংলাদেশ বিনিয়োগ সংযোগ আরও শক্তিশালী হবে এবং বিদেশি বিনিয়োগ ও প্রবাসীদের সম্পৃক্ততার নতুন দরজা উন্মুক্ত হবে।’
কেবিসিসিআই সভাপতি শাহাব উদ্দীন খান বলেন, ‘বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সক্ষমতার কারণে কোরীয় বিনিয়োগকারীদের কাছে এটি দীর্ঘমেয়াদি সম্ভাবনাময় একটি বাজার। প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে আমরা কোরীয় বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশের পুঁজিবাজার ও বিনিয়োগ ব্যবস্থার সঙ্গে একটি কার্যকর সেতু তৈরি করতে চাই।’






