দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী প্রাণ গ্রুপ এবার থাই রেস্তোরাঁ ব্যবসায় নামেছে। গত বছর তারা ‘ডেইলি দাওয়াত’ নামে রেস্তোরাঁ চালু করে বাংলা খাবারের ব্যবসা শুরু করেছিল, যেখানে ভাত, ভর্তা, মাছ ও মাংসের খাবার পাওয়া যায়।
গুলশান-১ এলাকায় ‘টুকটুক এক্সপ্রেস’ নামে নতুন থাই রেস্তোরাঁ চালু করেছে প্রাণ গ্রুপ। এখানে জনপ্রিয় অথেনটিক থাই খাবার পাওয়া যাবে, যার মধ্যে স্পেশাল লবস্টার চিলি পেস্ট, ক্রিমি বেসিল ফিশ, ম্যাঙ্গো স্টিকি রাইসসহ নানা সিগনেচার থাই ডিশ রয়েছে।
গত বৃহস্পতিবার রেস্তোরাঁটির উদ্বোধন করেন প্রাণ গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক অনিমেষ সাহা। তিনি বলেন, “টুকটুক এক্সপ্রেসের মাধ্যমে আমরা ঢাকায় একটি ভিন্নধর্মী থাই খাবারের অভিজ্ঞতা নিয়ে আসতে চেয়েছি। শুধু খাবার নয়, থাই সংস্কৃতি, আতিথেয়তা ও প্রাণবন্ত পরিবেশও এখানে উপভোগ করা যাবে।”
টুকটুক এক্সপ্রেসের ব্যবসা উন্নয়ন প্রধান মুহাইমিনুল ইসলাম বলেন, “সব ধরনের গ্রাহকের জন্য সাশ্রয়ী মূল্যে অথেনটিক থাই খাবারের অভিজ্ঞতা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। খাবারের পাশাপাশি এখানে থাকছে কারাওকে ও বিভিন্ন বাদ্যযন্ত্রের মাধ্যমে সরাসরি সংগীত পরিবেশনার সুযোগ। অভিজ্ঞ থাই রাঁধুনি ও প্রশিক্ষিত সেবাদানকারী দলের মাধ্যমে গ্রাহকদের উন্নত মানের খাবার ও সেবার অভিজ্ঞতা দেওয়া হচ্ছে।”
প্রাণ গ্রুপ জানিয়েছে, উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ লয়্যালটি কার্ড চালু করা হয়েছে। প্রথমবার রেস্তোরাঁয় খাবার খাওয়ার পর গ্রাহকরা এই কার্ড পাবেন। পরবর্তীতে কোনো গ্রাহক এখানে খেতে এলে লয়্যালটি কার্ড দেখিয়ে নির্দিষ্ট একটি খাবার সৌজন্য উপহার হিসেবে পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণ গ্রুপের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক (মার্কেটিং) মো. আলী হাসান আলম, উপমহাব্যবস্থাপক (এইচআর) রঞ্জন কুমার দে, সহকারী মহাব্যবস্থাপক (মার্কেটিং) শফিক শাহিন প্রমুখ।






