যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিক রানা রহমান কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। ইংল্যান্ডের সাউথ শিল্ডস এলাকার বিয়াকন ও বেন্টস ওয়ার্ড থেকে তিনি এ অবস্থান লাভ করেন। গত ৭ মে অনুষ্ঠিত এই নির্বাচনে স্থানীয়রা তাঁর বিজয়কে ঐতিহাসিক সাফল্য হিসেবে গণ্য করছেন।

পরিবেশবাদী গ্রিন পার্টির প্রার্থী হিসেবে রানা রহমান ১ হাজার ৪৭০ ভোট পেয়ে জয়লাভ করেন। একই ওয়ার্ডে দলের আরও দুই প্রার্থী শীর্ষ তিন স্থানে সরাকার এটিকে গ্রিন পার্টির জন্য বড় সাফল্য বলে বিবেচনা করা হচ্ছে। এছাড়া, এই ফলাফল যুক্তরাজ্যের স্থানীয় রাজনীতিতে বিকল্প ধারার উত্থান এবং বহুসাংস্কৃতিক সমাজে অভিবাসী নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেছে।

নির্বাচনের পর প্রতিক্রিয়ায় রানা রহমান বলেন, পরিবেশ সুরক্ষা, সামাজিক আবাসন এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে তিনি অগ্রাধিকার দিয়ে কাজ করবেন। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের রাজনৈতিক ও আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবেন তিনি।

রানা রহমানের এই জয় প্রবাসী বাংলাদেশিদের রাজনৈতিক অংশগ্রহণ ও আন্তর্জাতিক মঞ্চে নেতৃত্বের সক্ষমতার ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয় অধিবাসীরা মনে করছেন, বাংলাদেশিদের এ রাজনৈতিক অগ্রগতি ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক, কমিউনিটি উন্নয়ন এবং তরুণ প্রজন্মের নেতৃত্ব বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে।

রানা রহমান হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকার বাসিন্দা এবং বীগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন।