ক্যারিবীয় সাগরের দ্বীপরাষ্ট্র আরুবার ৪৯ বছর বয়সী ক্রীড়াবিদ এগমন্ড মলিনা গলায় রশি বেঁধে প্রায় ৯ হাজার ৮৬০ কেজি ওজনের একটি বিশাল বাস ২০ মিটার পথ টেনে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন।
গত ৯ জানুয়ারি এই অবিশ্বাস্য কীর্তি করে তিনি দশমবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লিখিয়েছেন। এর আগে ২০২৪ সালে ইউক্রেনের দিমিত্র হ্রুনস্কি ৮ হাজার ৬০ কেজি ওজনের যানবাহন টেনে এই রেকর্ড গড়েছিলেন। সেই রেকর্ড ভেঙে এখন মলিনাই গলা দিয়ে সবচেয়ে ভারী যানবাহন টানার চ্যাম্পিয়ন।
এই রেকর্ড গড়া কিন্তু একেবারেই সহজ ছিল না। মলিনা জানান, মোটা রশি দিয়ে যখন তিনি বাসটি টানছিলেন, তখন সেটি তাঁর শ্বাসনালিতে প্রচণ্ড চাপ সৃষ্টি করছিল। পর্যাপ্ত অক্সিজেন না পাওয়ায় দম বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। তিনি বলেন, ‘এটি ছিল শারীরিক শক্তির পাশাপাশি একটি মানসিক যুদ্ধ। প্রচণ্ড চাপের মুখেও নিজেকে শান্ত রেখে শ্বাসপ্রশ্বাস নিয়ন্ত্রণ করতে হয়েছে।’
এগমন্ড মলিনার ঝুলিতে এখন মোট ১০টি বিশ্ব রেকর্ড রয়েছে। এর মধ্যে উল্খেযোগ্য হলো দাঁত দিয়ে ২০ মিটার ট্রাম টেনে নেওয়া, এক আঙুলে ১৫৯ কেজি ওজন তোলা এবং নিতম্বে বেল্টের সাহায্যে ১ হাজার ২ কেজি ওজন তোলা।
নিজের শরীরের ওজন মাত্র ৮৭ কেজি হওয়া সত্ত্বেও এক টনের বেশি ওজন তুলে তিনি সবাইকে বিস্মিত করেছেন। কেন এই বিপজ্জনক ঝুঁকি নেওয়া? মলিনা জানান, তাঁর চার সন্তান এবং নিজ দেশ আরুবার ১ লাখ ১০ হাজার মানুষের মুখে হাসি ফোটানোই তাঁর মূল লক্ষ্য।






